পল্লবীর প্রতিটি মহল্লায় স্পোর্টিং ক্লাব গড়ার ঘোষণা আমিনুল হকের

মাদক, চাঁদাবাজি ও দখলদারত্বমুক্ত সমাজ গঠনে তরুণদের খেলাধুলায় যুক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেছেন, পল্লবী ও রূপনগরের প্রতিটি পাড়া-মহল্লায় একটি করে স্পোর্টিং ক্লাব ও একাডেমি প্রতিষ্ঠা করতে চান। খেলাধুলার চর্চার মধ্য দিয়ে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।
বিজ্ঞাপন
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর পল্লবীর ৩ নম্বর ওয়ার্ডে যুবসমাজ ও পল্লবী থানা ছাত্রদলের উদ্যোগে ১২টি স্পোর্টিং ক্লাব ও একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমিনুল হক বলেন, ‘আমি চাই, পল্লবী ও রূপনগরের প্রতিটি ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লায় একটি করে স্পোর্টিং ক্লাব ও একাডেমি গড়ে উঠুক। শুধু ক্লাব গঠন করলেই হবে না, সারা বছর নিয়মিত খেলাধুলার আয়োজন করতে হবে। এ জন্য খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী ও সার্বিক সহযোগিতা সরকারিভাবে এবং ব্যক্তিগত উদ্যোগে দেওয়ার ব্যবস্থা করব।’
তরুণদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, যুবসমাজ উদ্যোগী হলে সমাজের নানা ধরনের বিশৃঙ্খলা দূর করে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব। তরুণেরা খেলাধুলায় মনোযোগী হলে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ অনেকাংশে কমে আসবে। এ পরিবর্তন আনতে দল-মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
বিজ্ঞাপন
পল্লবী ও রূপনগরে পাঁচটি ফুটসাল মাঠ নির্মাণের অনুমোদন পাওয়া গেছে জানিয়ে আমিনুল হক বলেন, দ্রুত মাঠগুলোর নির্মাণকাজ শুরু হবে। পাশাপাশি রূপনগরের একটি মাঠ খেলার উপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওই জায়গায় ৩২টি প্লট বরাদ্দ থাকায় বিষয়টি সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বরাদ্দপ্রাপ্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান তিনি। বরাদ্দপ্রাপ্তদের অন্য জায়গায় প্লটের ব্যবস্থা করে দিলে তাঁরা মাঠের জন্য জায়গাটি ছেড়ে দিতে সম্মত হয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, মাঠটি প্রস্তুত করতে কিছুটা সময় লাগবে। সেখানে কৃত্রিম ঘাস, সীমানাপ্রাচীর ও আলোর ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।
বিজ্ঞাপন
নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে আমিনুল হক বলেন, স্থানীয় বাসিন্দাদের পানির সংকট নিরসনে কয়েকটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আরও কয়েকটি স্থানে আগামী এক সপ্তাহের মধ্যে নলকূপ স্থাপনের কাজ শুরু হবে। পাশাপাশি এলাকার সামাজিক সমস্যাগুলো সমাধানেও কাজ করছেন তিনি।
চাঁদাবাজি ও দখলদারত্বের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যারা অন্যায় করে, চাঁদাবাজি ও দখলের সঙ্গে জড়িত, তাদের কাউকেই প্রশ্রয় দেওয়া হবে না। সে যে-ই হোক, তাকে আইনের আওতায় আনা হবে। কেউ আমার নাম কিংবা দলের নাম ব্যবহার করে অন্যায় করলে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। তাদের আইনের হাতে তুলে দেওয়া হবে।’
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও মিথ্যাচার থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপপ্রচারের পথে না গিয়ে সত্যকে ধারণ করতে হবে। মাদকমুক্ত, সুস্থ ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বিজ্ঞাপন
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী পল্লবীর ২ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হয়েছে বলে জানান আমিনুল হক। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। প্রকৃত অসহায় ও সুবিধাপ্রাপ্য পরিবারগুলো চিহ্নিত করতে স্থানীয়দের সহযোগিতা চান তিনি।
অনুষ্ঠানে নগর বিএনপি নেতা গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মাহবুব আলম মন্টু, আয়োজক পল্লবী থানা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ হাসান সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে মিরপুর সেকশন-১১-এর ব্লক-বি আবাসিক এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে মসজিদুল হুদা কমপ্লেক্স ও ডুইপ প্লটে তিনটি গভীর নলকূপ উদ্বোধন করেন আমিনুল হক। এ ছাড়া তালাব ক্যাম্পে মৃত ব্যক্তিদের গোসলের জন্য নির্মিত গোসলখানাও উদ্বোধন করেন তিনি।








