লাল কার্ডের পর প্রতিপক্ষকে আঘাত, ৬ মাস নিষিদ্ধ ক্যামারা

লাল কার্ড দেখার পর প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে আঘাত করে বড় শাস্তি পেয়েছেন গিনির আন্তর্জাতিক ফুটবলার ইব্রাহিমা ক্যামারা। পোল্যান্ডের শীর্ষ ফুটবল লিগ এক্সট্রাক্লাসার এই মিডফিল্ডারকে দেশটির সব ধরনের ফুটবল প্রতিযোগিতা থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি তাকে ৫০ হাজার জ্লোটি জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৭ লাখ টাকা।
বিজ্ঞাপন
গত শনিবার পোগন শ্চেচিনের বিপক্ষে রাদোমিয়াক রাদোমের ৪-৩ গোলে হারের ম্যাচে ঘটনাটি ঘটে। ম্যাচের ৯০ মিনিটে লাল কার্ড দেখেন রাদোমের মিডফিল্ডার ক্যামারা। প্রথমে মাঠ ছেড়ে বেরিয়ে গেলেও দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে টানেল থেকে আবার বেরিয়ে আসেন তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় পোগন শ্চেচিনের এক খেলোয়াড়ের মাথায় আঘাত করেন ক্যামারা। তার এই আচরণের পরই শাস্তির সিদ্ধান্ত নেয় পোলিশ ফুটবল কর্তৃপক্ষ।
পোলিশ লিগ কমিশন এক বিবৃতিতে জানায়, ম্যাচ চলাকালে ক্যামারা ক্রীড়াসুলভ আচরণের নিয়ম গুরুতরভাবে লঙ্ঘন করেছেন। লাল কার্ড দেখার পর তিনি প্রতিপক্ষ দলের এক খেলোয়াড়কে আক্রমণ করেন। এ অপরাধের কারণেই তাকে ছয় মাসের নিষেধাজ্ঞা ও জরিমানা করা হয়েছে।








