Logo

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচ স্ক্যালোনির মা আর নেই

profile picture
ক্রীড়া ডেস্ক
২৯ অক্টোবর, ২০২৬, ১২:৫৪
বিশ্বকাপজয়ী আর্জেন্টিনার কোচ স্ক্যালোনির মা আর নেই
ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ লিওনেল স্ক্যালোনির মা ইউলালিয়া মারজেত্তি আর নেই। মঙ্গলবার (২৭ অক্টোবর) সান্তা ফে প্রদেশের পুজাতো শহরে ৭৪ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন স্ক্যালোনির মা।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) তার মৃত্যুর খবর নিশ্চিত করে। একই সঙ্গে বিশ্বকাপজয়ী কোচ স্ক্যালোনি ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় সংস্থাটি। আর্জেন্টিনার ফুটবল অঙ্গন থেকেও শোক ও সহমর্মিতা প্রকাশ করা হয়।

ইউলালিয়া মারজেত্তি স্বামী অ্যাঞ্জেল ‘চিচে’ স্ক্যালোনির সঙ্গে পুজাতো শহরে বসবাস করতেন। স্থানীয় সমাজে পরিচিত মুখ ছিলেন তিনি। একসময় স্থানীয় বিচারক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই দম্পতির তিন সন্তান—লিওনেল, মাউরো ও কোরিনা। আর্জেন্টিনার সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, পরিবারের পক্ষ থেকে ব্যক্তিগত পরিসরে তার শেষকৃত্য সম্পন্ন করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রায় পাঁচ বছর ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন স্ক্যালোনির মা। ২০২১ সালের অক্টোবরে কাতার বিশ্বকাপের বাছাইপর্ব চলাকালে মায়ের অসুস্থতা নিয়ে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছিলেন আর্জেন্টিনার এই কোচ।

পেরুর বিপক্ষে ম্যাচের পর স্ক্যালোনি বলেছিলেন, ‘আমি এখন বিশ্বকাপ নিয়ে ভাবার মতো অবস্থায় নেই।’ তার এই বক্তব্যে স্পষ্ট হয়েছিল, জাতীয় দলকে বিশ্বকাপের পথে এগিয়ে নেওয়ার ব্যস্ততার মধ্যেও মায়ের অসুস্থতা নিয়ে গভীর উদ্বেগে ছিলেন তিনি।

এর কয়েক মাস আগে, ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলকে হারিয়ে ২০২১ সালের কোপা আমেরিকা জয়ের পর শিরোপাটি মাকে উৎসর্গ করেছিলেন স্ক্যালোনি। সে সময়ও গুরুতর অসুস্থ ছিলেন ইউলালিয়া।

বিজ্ঞাপন

শিরোপা জয়ের পর স্ক্যালোনি বলেছিলেন, ‘আমি এই জয় আমার মাকে উৎসর্গ করতে চাই। কয়েক দিন আগে তিনি বেশ গুরুতর স্বাস্থ্য সমস্যায় পড়েছিলেন এবং এখনো লড়াই করে যাচ্ছেন।’

আর্জেন্টিনার কোচ হিসেবে সেটিই ছিল স্ক্যালোনির প্রথম বড় শিরোপা। এরপর তার অধীনে দলটি ২০২২ সালের ফিনালিসিমা ও ফিফা বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকা জয় করে। মাঠে একের পর এক সাফল্য এনে দেওয়া এই কোচের জীবনে এবার নেমে এল গভীর ব্যক্তিগত শোক।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD