Logo

প্রথম ব্যালন ডি’অর জয়ের পর এবার দ্বিতীয়টির স্বপ্ন দেখছেন হ্যারি কেইন

profile picture
ক্রীড়া ডেস্ক
২৮ অক্টোবর, ২০২৬, ১৬:৫৭
প্রথম ব্যালন ডি’অর জয়ের পর এবার দ্বিতীয়টির স্বপ্ন দেখছেন হ্যারি কেইন
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো ব্যালন ডি’অর জয়ের আনন্দ এখনো পুরোপুরি কাটেনি হ্যারি কেইনের। এরই মধ্যে আগামী বছরের পুরস্কার জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছেন ইংল্যান্ড অধিনায়ক। তাঁর বিশ্বাস, আরও উন্নতি করে আবারও ফুটবলের মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার জেতা সম্ভব।

বিজ্ঞাপন

সোমবার লন্ডনের প্যালাডিয়ামে অনুষ্ঠিত ব্যালন ডি’অরের ৭০তম আসরে বিজয়ী হিসেবে কেইনের নাম ঘোষণা করেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি রোনালদো। ইংল্যান্ড অধিনায়কের নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই করতালিতে মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল।

২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে ৭৩ গোল, বায়ার্ন মিউনিখের হয়ে দুটি ট্রফি জয় এবং বিশ্বকাপে ইংল্যান্ডকে তৃতীয় স্থানে নিয়ে যাওয়ার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার পান ৩৩ বছর বয়সী স্ট্রাইকার।

ব্যালন ডি’অর জয়ের পথে কেইন পেছনে ফেলেছেন কিলিয়ান এমবাপে ও লামিনে ইয়ামালকে। এর মধ্য দিয়ে ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতলেন তিনি। সব মিলিয়ে পুরস্কারটি জেতা পঞ্চম ইংলিশ ফুটবলারও কেইন। এর আগে এই কৃতিত্ব দেখিয়েছেন স্ট্যানলি ম্যাথিউস, ববি চার্লটন, কেভিন কিগান ও ওয়েন।

বিজ্ঞাপন

পুরস্কার জয়ের পর নিজের অনুভূতি জানাতে গিয়ে কেইন বলেন, ‘আমার হৃদস্পন্দন বেড়ে গিয়েছিল। শুধু অপেক্ষা করছিলাম, কখন তিনি আমার নাম বলবেন। রোনালদো আমার বেড়ে ওঠার সময়ের অন্যতম আদর্শ ছিলেন। তাঁর হাত থেকে পুরস্কার নেওয়া স্বপ্ন পূরণের মতো।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

তবে শুধু স্বপ্ন পূরণ নয়, এই অর্জনকে নিজের কল্পনারও বাইরে বলে মনে করেন কেইন। তাঁর ভাষায়, ‘সত্যি বলতে, অনুভূতিটা অসাধারণ। এখানে উপস্থিত বন্ধু ও পরিবারের সঙ্গে এই মুহূর্ত ভাগ করে নিতে পারাটা বিশেষ কিছু। এটাকে স্বপ্ন পূরণ বলা যায়, তবে এটি আমার কল্পনারও বাইরে।’

ব্যালন ডি’অর জয়ের পেছনে নিজের চিকিৎসক আলেহান্দ্রো এলোরিয়াগা ক্লারাকোর অবদানের কথাও তুলে ধরেছেন কেইন। তাঁর মতে, সর্বোচ্চ পর্যায়ে খেলতে হলে মাঠের পারফরম্যান্সের পাশাপাশি শারীরিক প্রস্তুতি ও ব্যক্তিগত জীবনের নানা ত্যাগও গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

কেইন বলেন, ‘আমরা একসঙ্গে অনেক কাজ করি। চিকিৎসার কক্ষে, ট্রিটমেন্ট টেবিলে, কখনো সূচ নিয়ে—আমাদের অনেক সময় কাটে। এসবের সঙ্গে আছে নানা ত্যাগ, সনা ও বরফজলে শরীর ডুবিয়ে রাখার মতো প্রস্তুতি। এই সময়টা আমি সন্তান, পরিবার ও স্ত্রীর সঙ্গে কাটাতে চাইতাম। কিন্তু এগুলোও নিবেদনের অংশ।’

তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ পর্যায়ে থাকতে হলে কিছু সময় ও কিছু বিষয় ত্যাগ করতে হয়। তাই এই ট্রফি আমার জীবনের সঙ্গে যুক্ত সবার সেই ত্যাগের পুরস্কার।’

কেইনের মতে, তাঁর বর্তমান সাফল্যের অন্যতম কারণ নিজেকে এখনো কিশোর বয়সের মতো প্রমাণ করার তাড়না। তিনি বলেন, ‘আমি যেভাবে অনুশীলন করি, যেভাবে খেলি, সব সময় মনে হয় আমার বয়স ১৫-১৬ বছর এবং নিজেকে প্রমাণ করার কিছু আছে।’

বিজ্ঞাপন

এই মানসিকতাই তাঁকে ব্যালন ডি’অর জিততে সাহায্য করেছে বলে মনে করেন কেইন। তবে এখানেই থামতে চান না তিনি। ‘এই পুরস্কার জেতার পরও আমি ভাবছি, কীভাবে আরও ভালো করা যায়। আবারও কি এটি জিততে পারব? অবসর নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার দিন পর্যন্ত আমার মানসিকতা এমনই থাকবে,’ বলেন ইংল্যান্ড অধিনায়ক।

ব্যালন ডি’অর জয়ের আনন্দ পরিবার ও বন্ধুদের সঙ্গে ভাগ করে নিতে চাইলেও দীর্ঘ রাতের উদ্‌যাপনের পরিকল্পনা নেই কেইনের। মঙ্গলবার সকালে মিউনিখে ফেরার ফ্লাইট নির্ধারিত ছিল তাঁর। এরপর বিকেলে বায়ার্নের অনুশীলনে যোগ দেওয়ার কথা, কারণ বুধবার ডিএফবি-পোকালে ম্যাগডেবুর্গের বিপক্ষে ম্যাচ রয়েছে দলটির।

এদিকে ইংল্যান্ডে ফিরে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা অ্যালান শিয়েরারের রেকর্ড ভাঙার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হয় কেইনকে। তবে আপাতত ইংল্যান্ডে ফেরার কথা ভাবছেন না তিনি। কেইনের ভাষায়, ‘এখনই নয়। বায়ার্নে আমি জীবনটা উপভোগ করছি।’

বিজ্ঞাপন

ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি দলীয় পর্যায়েও আরও অনেক কিছু অর্জন করতে চান কেইন। তাঁর লক্ষ্য, বায়ার্নের হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এবং ইংল্যান্ডের হয়ে বড় কোনো আন্তর্জাতিক শিরোপা জয়।

কেইন বলেন, ‘লন্ডনে এই পুরস্কার জেতা আমার জন্য ভালো লক্ষণ। ইংল্যান্ডের অসাধারণ অনেক খেলোয়াড় রয়েছেন। ছোটবেলায় তাঁদের খেলা দেখে বড় হয়েছি। তাঁদের কেউ এই পুরস্কার জিততে পারেননি, এটা অবশ্যই দুঃখজনক। ইংলিশ ফুটবলকে আবার মানচিত্রে ফিরিয়ে আনতে পেরে এবং এই ট্রফি হাতে নিতে পেরে আমি অত্যন্ত গর্বিত।’

নিজের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে তিনি বলেন, ‘ফুটবলে আমার এখনো অনেক কিছু অর্জন করার বাকি। ক্লাব পর্যায়ে চ্যাম্পিয়নস লিগ জেতা এবং ইংল্যান্ডের হয়ে বড় কোনো শিরোপা জয়—এগুলো অবশ্যই আমার প্রধান লক্ষ্য।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD