৯৯ রানে অপরাজিত সাদমান, আগেভাগেই শেষ প্রথম দিনের খেলা

মিরপুর টেস্টের প্রথম দিনের শেষ সেশনে আলোকস্বল্পতার কারণে আগেভাগেই শেষ হয়েছে খেলা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাট করতে নেমে ৭৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান করেছে বাংলাদেশ। সেঞ্চুরির দ্বারপ্রান্তে রয়েছেন সাদমান ইসলাম। ২১৯ বল খেলে ১০টি বাউন্ডারিতে ৯৯ রানে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে ১০ রান নিয়ে ব্যাট করছেন লিটন দাস।
বিজ্ঞাপন
তাওহীদ হৃদয় ৪২ রান করে চোটের কারণে মাঠ ছেড়েছেন। এর আগে সাদমান ও হৃদয় মিলে গড়েন ৮৮ রানের দারুণ এক জুটি।
মিরপুরে ক্যারিবীয়দের বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তানজিদ তামিমের উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। দলীয় ৯ রানের মাথায় আউট হন তিনি। ২৩ বল খেলে করেন মাত্র ৭ রান।
স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন তানজিদ। জাইডেন সিলস অফ স্টাম্পের বাইরে ফিফথ স্টাম্পের লাইনে লেংথ বল করেন। পা খুব একটা না সরিয়ে শরীর থেকে দূরে ব্যাট চালিয়ে চেক ড্রাইভ খেলতে যান তানজিদ। তবে ব্যাটের বাইরের কানায় লেগে বল চলে যায় দ্বিতীয় স্লিপে। সেখানে সহজ ক্যাচ নেন ফিল্ডার জাস্টিন গ্রিভস। শট নির্বাচনে কিছুটা অসতর্ক ছিলেন তানজিদ।
বিজ্ঞাপন
এরপর মুমিনুল হক ও সাদমান ইসলাম গড়েন ৫৯ রানের জুটি। মুমিনুল সেট হয়েও গিয়েছিলেন। তবে ৫১ বলে ২৮ রান করে জোমেল ওয়ারিকেনের শিকার হন তিনি। এরপর ৪২ বলে ১৯ রান করে ওয়ারিকেনের বলেই এলবিডব্লিউ হন নাজমুল হোসেন শান্ত।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে সাদমান ও হৃদয় আবারও জুটি গড়ে দলকে এগিয়ে নেন। ৪২ রান করে পায়ে টান পড়লে মাঠ ছাড়তে হয় হৃদয়কে। স্ট্রেচারে করে তাঁকে মাঠের বাইরে নেওয়া হয়।
এরপর বাকি সময়টা অনায়াসে কাটিয়েছেন লিটন ও সাদমান। ২১৯ বল খেলে ১০টি বাউন্ডারিতে ৯৯ রানে অপরাজিত আছেন সাদমান। আর মাত্র এক রান করতে পারলেই ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি পূর্ণ করবেন তিনি।








