Logo

ব্যালন ডি’অরের ওয়েবসাইটে ৩ তারকাকেই বিজয়ী ঘোষণা করা হয়

profile picture
ক্রীড়া ডেস্ক
২৭ অক্টোবর, ২০২৬, ১৫:১১
ব্যালন ডি’অরের ওয়েবসাইটে ৩ তারকাকেই বিজয়ী ঘোষণা করা হয়
ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার স্ট্যানলি ম্যাথিউসের সম্মানে এবার লন্ডনে বসেছিল ব্যালন ডি’অরের ৭০তম আসর। অভিষেক বছরেই এই পুরস্কার জিতেছিলেন ম্যাথিউস। এবার হ্যারি কেইনের হাত ধরে নিজেদের মাঠে ২৫ বছরের অপেক্ষার অবসান ঘটেছে ইংলিশদের। তবে বিজয়ীর নাম ঘোষণার আগেই ব্যালন ডি’অরের আনুষ্ঠানিক ওয়েবসাইটে ঘটে যায় অদ্ভুত এক ঘটনা। ভুলবশত তিনজনকেই বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়।

বিজ্ঞাপন

২০২৬ সালের ব্যালন ডি’অরের মূল লড়াই ছিল হ্যারি কেইন, লামিনে ইয়ামাল ও কিলিয়ান এমবাপের মধ্যে। শেষ পর্যন্ত ভোটাভুটিতে এই দুই প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে পুরস্কার জিতে নেন বায়ার্ন মিউনিখের ইংলিশ ফরোয়ার্ড কেইন। গত মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৭৩টি গোল করেছেন তিনি। ইংল্যান্ডের হয়ে বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি বায়ার্নের হয়ে বুন্দেসলিগাসহ দুটি ট্রফি জিতেছেন এই তারকা।

তবে আনুষ্ঠানিকভাবে বিজয়ীর নাম ঘোষণার আগে কেইন, ইয়ামাল ও এমবাপের মধ্যে কে পুরস্কারটি জিতবেন, তা নিয়ে ছিল অনিশ্চয়তা। এর মধ্যেই কয়েক ঘণ্টা আগে ব্যালন ডি’অরের ওয়েবসাইটে তিনটি পৃথক প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিটি প্রতিবেদনে ২০২৬ সালের ছেলেদের ব্যালন ডি’অরজয়ী হিসেবে আলাদাভাবে কেইন, ইয়ামাল ও এমবাপের নাম উল্লেখ করা হয়েছিল। এতে পুরস্কার ঘোষণার আগেই ব্যাপক বিভ্রান্তি তৈরি হয়।

প্রতিবেদনগুলোতে সংশ্লিষ্ট খেলোয়াড়ের পরিসংখ্যান ও ক্যারিয়ারের পারফরম্যান্স তুলে ধরে তাকে বিজয়ী হিসেবে উপস্থাপন করা হয়েছিল। শেষ পর্যন্ত কেইনই পুরস্কার জেতায় তার নামসংবলিত প্রতিবেদনটি সঠিক প্রমাণিত হয়। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কয়েক মিনিটের মধ্যেই প্রতিবেদনগুলো সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এমবাপেকে নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, ‘বিশ্বকাপে রেকর্ড গড়া এবং রিয়াল মাদ্রিদের হয়ে আরও এক দফা গোলের বন্যা কিলিয়ান এমবাপেকে প্রথম ব্যালন ডি’অর এনে দিয়েছে।’

বিজ্ঞাপন

অন্যদিকে, টানা তৃতীয়বারের মতো কোপা ট্রফি জেতা ইয়ামালকে নিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘মাত্র ১৯ বছর বয়সেই লামিনে ইয়ামাল ব্যালন ডি’অরের ইতিহাসে সর্বকনিষ্ঠ বিজয়ী হয়েছেন। ১৯৫৬ সালে চালু হয়েছিল এই পুরস্কার।’

তবে এমবাপে ও ইয়ামালকে বিজয়ী ঘোষণা করা প্রতিবেদন দুটি স্থায়ী হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল স্পোর্টের তথ্যমতে, এ ঘটনায় আয়োজকেরা বিস্মিত হয়েছেন। কীভাবে বিজয়ী ঘোষণার আগেই প্রতিবেদনগুলো প্রকাশিত হলো, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে দায়ীদের শনাক্ত করা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

বিজ্ঞাপন

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD