কুকুরের আক্রমণে ক্ষতবিক্ষত সাবেক লিভারপুল তারকা, পায়ে ৫০ সেলাই

কুকুরের আক্রমণে গুরুতর আহত হয়েছেন ইংলিশ প্রিমিয়ার লিগের সাবেক ফুটবলার জেরমেইন পেনান্ট। ৪৩ বছর বয়সী সাবেক এই উইঙ্গারের ডান পায়ে ৫০টিরও বেশি সেলাই দিতে হয়েছে। গত সপ্তাহে নিজের দুই পোষা কুকুরকে নিয়ে হাঁটতে বের হলে জার্মান শেফার্ড প্রজাতির একটি কুকুরের আক্রমণের শিকার হন তিনি।
বিজ্ঞাপন
নিজের পোষা কুকুর কিংকে রক্ষা করতে গিয়ে আক্রমণের মুখে পড়েন পেনান্ট। তার ভাষ্য, কুকুরটি পা কামড়ে ধরে এবং কিছুতেই ছাড়ছিল না। এ সময় কিং এগিয়ে এসে আক্রমণকারী কুকুরটির সঙ্গে লড়াই করে তাকে তাড়িয়ে দেয়। এতে বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান পেনান্ট।
দ্য সানকে পেনান্ট জানান, আক্রমণে তার ডান পায়ে চারটি কামড়ের ক্ষত হয়। পরে হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাকে। ক্ষতস্থানে ৫০টির বেশি সেলাই দেওয়া হয়েছে।
তবে তার পোষা কুকুর কিং গুরুতর আহত হয়নি। কিংয়ের পায়ে সামান্য কামড়ের দাগ পড়লেও শরীরে রক্ত লেগে গিয়েছিল। পেনান্ট জানান, প্রথমে রক্ত দেখে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তিনি। পরে বুঝতে পারেন, সেই রক্ত তার নিজের।
বিজ্ঞাপন
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে পেনান্ট লেখেন, ‘একটি জার্মান শেফার্ড আমার ওপর আক্রমণ করেছিল। আমি কিংকে রক্ষা করার চেষ্টা করি, কিন্তু কুকুরটি আমার পা কামড়ে ধরে। আমি মাটিতে পড়ে ছিলাম, আর কুকুরটি পা ছাড়ছিল না। কিং বুঝতে পারছিল না কী ঘটছে। তবে এগিয়ে আসার পর সে কুকুরটিকে তাড়িয়ে দেয় এবং আমাকে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচায়।’
কিংকে নিজের নায়ক উল্লেখ করে পেনান্ট আরও লেখেন, ‘আমার নায়ক এখনো আমাকে রক্ষা করছে এবং আমার যত্ন নেওয়ার চেষ্টা করছে। কিং, তুমি সত্যিই অসাধারণ। তোমাকে ভালোবাসি। কুকুরই মানুষের সবচেয়ে ভালো বন্ধু।’
ইনস্টাগ্রামে প্রকাশিত ছবিতে পায়ে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় সোফায় বসে থাকতে দেখা যায় পেনান্টকে। পাশে ছিল তার পোষা কুকুর কিং। এ সময় তাদের দুজনের দেখাশোনা করার জন্য সঙ্গী মিমি মন্টগোমেরিকেও ধন্যবাদ জানান তিনি।
বিজ্ঞাপন
২০১৮ সালে অবসরে যাওয়ার আগে ১৯ বছরের পেশাদার ক্যারিয়ারে প্রিমিয়ার লিগে ২৩১টি ম্যাচ খেলেছেন পেনান্ট। লিভারপুল ও স্টোক সিটির হয়ে খেলা এই উইঙ্গার বর্তমানে টকস্পোর্টের ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করছেন।
মাত্র ১৫ বছর বয়সে নটস কাউন্টি থেকে আর্সেনালে যোগ দিয়ে ইংলিশ ফুটবলে আলোচনায় আসেন পেনান্ট। সে সময় তাকে দলে নিতে ২৫ লাখ পাউন্ড খরচ করেছিল আর্সেনাল।








