বিগ ব্যাশে মোস্তাফিজের নতুন অধ্যায়, মিস করবেন ডি থ্রি ট্রফি

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। তাঁকে দলে নিয়েছে মেলবোর্ন রেনেগেডস। তবে বিগ ব্যাশে খেলার কারণে দেশের ঘরোয়া ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির পুরো আসরে তাঁকে পাবে না তাঁর দল সেভেন রিংস সিমেন্ট।
বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) ঢাকায় ডি থ্রি ট্রফির খেলোয়াড় নিলাম চলার সময় মোস্তাফিজের বিগ ব্যাশে খেলার খবর জানানো হয়। পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবালও নিশ্চিত করেন, মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন এই পেসার।
বিগ ব্যাশে অংশ নিতে বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছিলেন মোস্তাফিজ। বোর্ড তাঁকে সেই অনুমতিও দিয়েছে। ফলে আগামী ১২ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠেয় ডি থ্রি ট্রফিতে তাঁকে ছাড়াই দল সাজাতে হবে সেভেন রিংস সিমেন্টকে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সোমবারের নিলামে মোস্তাফিজকে ৭০ লাখ পয়েন্টে দলে নেয় সেভেন রিংস সিমেন্ট। কিন্তু অস্ট্রেলিয়ার টুর্নামেন্টে ব্যস্ত থাকায় ডি থ্রি ট্রফির প্রথম আসরে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে মাঠে নামা হচ্ছে না তাঁর।
বিজ্ঞাপন
বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে মোস্তাফিজের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইএলটি২০, লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে খেলেছেন তিনি। এবার সেই অভিজ্ঞতার তালিকায় যুক্ত হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ।
মোস্তাফিজের আগে বাংলাদেশের হয়ে বিগ ব্যাশে খেলেছেন সাকিব আল হাসান ও রিশাদ হোসেন। এবারের আসরেও খেলবেন রিশাদ। টানা দ্বিতীয় মৌসুমের জন্য হোবার্ট হারিকেনসের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের এই লেগ স্পিনার।








