বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামাল আর নেই

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও প্রবীণ ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল আর নেই। শুক্রবার (২৪ অক্টোবর) রাজশাহীতে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।
বিজ্ঞাপন
মাহমুদ জামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বোর্ডটি তার মৃত্যুতে শোক জানিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করে।
রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে চার দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাহমুদ জামাল। তিনি দীর্ঘদিন রাজশাহী বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্বে ছিলেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন মাহমুদ জামাল। তিনি দুই মেয়াদে বিসিবির পরিচালক নির্বাচিত হন। ২০০৫ সালে প্রথমবার এবং ২০০৮ সালে দ্বিতীয়বার এই দায়িত্ব পান তিনি।
বিজ্ঞাপন
তার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের ক্রীড়াসেবার মধ্য দিয়ে রাজশাহীর ক্রীড়াঙ্গনে বিশেষ অবদান রেখে গেছেন এই সংগঠক।








