Logo

বিশ্বমঞ্চে ওয়েলসের সঙ্গে ড্র করল বাংলাদেশের যুবারা

profile picture
ক্রীড়া প্রতিবেদক
২৪ অক্টোবর, ২০২৬, ১৩:৩১
বিশ্বমঞ্চে ওয়েলসের সঙ্গে ড্র করল বাংলাদেশের যুবারা
ছবি: সংগৃহীত

ওয়েলসের সাবেক কোচ কোলম্যানকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলের দায়িত্ব দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা চলছিল। সেই ওয়েলস অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষেই এবার ফিফা অ-১৫ বিশ্বকাপ এন্ড ফেস্টিভ্যালে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। শনিবার (২৪ অক্টোবর) আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের কেউই গোলের দেখা পায়নি।

বিজ্ঞাপন

আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে বয়সভিত্তিক এই আন্তর্জাতিক প্রতিযোগিতা। অনূর্ধ্ব-১৫ পর্যায়ে এবারই প্রথম বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজন করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। প্রথম আসরে অংশ নিচ্ছে ১৯১টি দেশ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

প্রচলিত ফুটবলে একটি ম্যাচের দৈর্ঘ্য ৯০ মিনিট এবং মাঠে প্রতি দলে ১১ জন খেলোয়াড় অংশ নেন। তবে এই অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে ম্যাচের দৈর্ঘ্য ৪০ মিনিট এবং প্রতি দলে খেলছেন আটজন করে ফুটবলার। ফলে বয়সভিত্তিক এই প্রতিযোগিতার খেলার ধরনও প্রচলিত ফুটবলের চেয়ে আলাদা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওয়েলসের মতো দলের বিপক্ষে গোল হজম না করা বাংলাদেশের জন্য ভালো অর্জনই। বাংলাদেশ দলের গোলরক্ষক শ্রীনাথ হালদার বলেন, ‘ওয়েলস ফিজিক্যালি আমাদের চেয়ে শক্তিশালী। আমার লক্ষ্য ছিল ম্যাচটি ক্লিনশিট রাখব। সেটা রাখতে পেরেছি। আশা করি সামনের ম্যাচেও এই ধারাবাহিকতা রাখব।’

বিজ্ঞাপন

ওয়েলসের বিপক্ষে ড্র বাংলাদেশের ফুটবলের জন্য আশাব্যাঞ্জক খবর হলেও অ-১৫ দলের কোচ আকবর হোসেন রিদন অবশ্য পারফরম্যান্সে খুশি নন। আজারবাইজানে বাফুফের দেওয়া ভিডিও বার্তায় তিনি বলেন, ‘পারফরম্যান্সে আমি তেমন খুশি নই। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। তারা শারীরিক ও টেকনিক্যালি অনেক শক্তিশালী। বিশেষ করে আমরা বিল্ড আপে অনেক ভুল করেছি। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ আমরাই মিস করেছিলাম।’

আগামীকাল (রবিবার) বাংলাদেশের দু’টি ম্যাচ। দিনের প্রথম ম্যাচই ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের বিপক্ষে। অনুশীলনের সুযোগ না থাকায় ভিডিও সেশনই ভরসা কোচের, ‘কাল সকালে পর্তুগালের সঙ্গে এবং রাতে আরেকটি ম্যাচ। অনুশীলনের সময় নেই। আজকের ম্যাচের ভুলগুলো ভিডিও সেশনে শোধরানোর চেষ্টা করব।’

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD