শুরুতেই ধস বাংলাদেশের, পরপর দুই বলে আউট তানজিদ-সৌম্য

ফাইনালে ওঠার কঠিন সমীকরণ মেলানোর গুরুত্বপূর্ণ ম্যাচে শুরুতেই বড় ধাক্কা খেল বাংলাদেশ। আফগানিস্তানের পেসার ইয়ামিন আহমদজাইয়ের পরপর দুই বলে সাজঘরে ফিরেছেন ওপেনার তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার। ফলে আফগানিস্তানের বিপক্ষে শুরুতেই চাপে পড়ে গেছে টাইগাররা।
বিজ্ঞাপন
শারজাহ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক তাওহীদ হৃদয়। ফাইনালে ওঠার আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে শুধু জয় পেলেই চলবে না, বাংলাদেশকে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে।
ইনিংসের প্রথম ওভারে আফগান পেসার আজমতউল্লাহ ওমরজাইয়ের বোলিং থেকে ৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে ম্যাচের চিত্র পাল্টে দেন ইয়ামিন আহমদজাই।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ওভারের শুরুতে দুটি ওয়াইড দেন এই পেসার। এরপর অফ স্টাম্পের কাছাকাছি গুড লেংথে বল ফেলেন তিনি। বলটি খেলতে গিয়ে ব্যাটের কানায় স্পর্শ করান তানজিদ হাসান তামিম। উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে মাত্র ১ রানেই বিদায় নেন এই ওপেনার। আগের ম্যাচে ভালো শুরু এনে দেওয়া তানজিদ এবার দলকে প্রত্যাশিত সূচনা দিতে পারেননি।
তানজিদের বিদায়ের পর ক্রিজে আসেন সৌম্য সরকার। কিন্তু ইয়ামিনের পরের বৈধ ডেলিভারিতেই বিপদে পড়ে বাংলাদেশ। অফ স্টাম্পের বাইরে থাকা বল কাট করতে গিয়ে নিজের স্টাম্পে টেনে আনেন সৌম্য। বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়েই মাঠ ছাড়তে হয় তাঁকে।
বিজ্ঞাপন
জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচে ৯ রান করা সৌম্য এবার কোনো রান না করেই ফিরেছেন। মাত্র ৬ রানে দুই ওপেনারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ।
প্রতিবেদন লেখার সময় পাঁচ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২১ রান, হারিয়েছে দুই উইকেট। নাজমুল হোসেন শান্ত ১০ এবং সাইফ হাসান ৫ রানে অপরাজিত রয়েছেন।
শুরুতেই দুই উইকেট হারানোর পর এখন শান্ত ও সাইফের ব্যাটিংয়ের ওপর নির্ভর করছে বাংলাদেশের ইনিংস সামলে নেওয়ার সম্ভাবনা। তবে ফাইনালে ওঠার লড়াইয়ে টিকে থাকতে হলে উইকেট ধরে রাখার পাশাপাশি বড় সংগ্রহ গড়ার চ্যালেঞ্জও সামলাতে হবে টাইগারদের।








