Logo

বার্সেলোনাকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল পিএসজি

profile picture
ক্রীড়া ডেস্ক
২১ অক্টোবর, ২০২৬, ১৪:২৫
বার্সেলোনাকে হারানোর পর বড় দুঃসংবাদ পেল পিএসজি
ছবি: সংগৃহীত

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনাকে হারিয়ে মাঠের লড়াইয়ে সাফল্য পেলেও বড় দুশ্চিন্তায় পড়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। দলের জর্জিয়ান তারকা উইঙ্গার খভিচা কোয়ারাতসখেলিয়ার ডান হাঁটুতে গুরুতর চোট লেগেছে। প্রাথমিক পরীক্ষায় তার অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে চোটের ধরন ও মাত্রা নিশ্চিত হতে আরও পরীক্ষার ফলের অপেক্ষায় রয়েছে ফরাসি ক্লাবটি।

বিজ্ঞাপন

মঙ্গলবার রাতে পিএসজির মাঠ পার্ক দে প্রিন্সেসে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। বলের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে বার্সেলোনার রাইটব্যাক জাভি এসপার্টের সঙ্গে সংঘর্ষের সময় ডান হাঁটুতে আঘাত পান কোয়ারাতসখেলিয়া। তীব্র ব্যথায় মাঠে পড়ে যান তিনি। পরে সতীর্থ ও দলের চিকিৎসাকর্মীদের সহায়তায় মাঠ ছাড়তে হয় তাকে। চোটের কারণে ঠিকভাবে পায়ে ভর দিয়ে হাঁটতেও পারছিলেন না ২৫ বছর বয়সী এই ফুটবলার।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফরাসি ক্রীড়া দৈনিক এল’ইকিপের বরাতে গোল জানিয়েছে, প্রাথমিক পরীক্ষার পর কোয়ারাতসখেলিয়ার এসিএল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বুধবার এমআরআই পরীক্ষার মাধ্যমে তার হাঁটুর চোটের প্রকৃত অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে। তবে চূড়ান্ত প্রতিবেদন হাতে না পাওয়া পর্যন্ত চোটের বিষয়ে নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানাতে রাজি নয় পিএসজির চিকিৎসক দল।

এসিএল ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হলে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হতে পারে জর্জিয়ান এই তারকাকে। সে ক্ষেত্রে চলতি মৌসুমের বাকি অংশে তাকে না পাওয়ার আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতি তৈরি হলে কোচ লুইস এনরিকের আক্রমণভাগ সাজানোর পরিকল্পনায় বড় ধরনের পরিবর্তন আনতে হবে।

বিজ্ঞাপন

বার্সেলোনার বিপক্ষে জয়ের পরও তাই কোয়ারাতসখেলিয়ার চোটের খবর পিএসজির জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন তার মেডিকেল পরীক্ষার ফলের দিকেই তাকিয়ে রয়েছে ক্লাবটি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD