হারের পর ক্রিকেটারদের যে বার্তা দিলেন বিসিবি সভাপতি তামিম

জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৯ রানের বড় ব্যবধানে হারের পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের আত্মবিশ্বাস জোগাতে তাঁদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল। আবুধাবিতে মাঠে বসে দলের হার দেখার পর স্টেডিয়ামেই প্রায় আড়াই ঘণ্টা ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেন তিনি। সেই বৈঠকে তামিম কী বার্তা দিয়েছিলেন, তা জানিয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।
বিজ্ঞাপন
তানজিদ হাসান জানান, বিসিবি সভাপতি তাঁদের সঙ্গে ইতিবাচক আলোচনা করেছেন। দলের সমস্যা ও চ্যালেঞ্জগুলো নিয়ে কথা বলার পাশাপাশি কঠিন সময়ে ক্রিকেটারদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।
তানজিদ বলেন, ‘খুব ভালো একটা সভা হয়েছে ওনার সঙ্গে আমাদের। কারণ দেখেন যে বিসিবি আমাদের ভালো সময়, খারাপ সময়, সবসময় আমাদের পাশে থাকে। তো আমাদের কেন সমস্যা হচ্ছে, কী সমস্যা মোকাবিলা করছি আমরা বা এরকম জিম্বাবুয়েতে আমরা ওদের সঙ্গে একদিনের সিরিজটা হেরেছি, তো সবকিছু মিলিয়ে তিনি আমাদের আরও আত্মবিশ্বাস জুগিয়েছেন।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘তিনি আমাদের সেই ইতিবাচক বার্তাটাই দিয়েছেন, যাতে আমরা সবাই একসঙ্গে থাকি এবং একসঙ্গে হয়ে একটি দল হিসেবে আমরা যাতে ভালোভাবে মাঠে নৈপুণ্য দেখাতে পারি প্রত্যেকটা ম্যাচে।’
বিজ্ঞাপন
প্রতিপক্ষের নাম বা শক্তি বিবেচনা না করে প্রতিটি আন্তর্জাতিক ম্যাচে সমান মনোযোগ ও প্রস্তুতি নিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি। দল হিসেবে সব বিভাগে ভালো পারফরম্যান্স করার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।
বিসিবি সভাপতির বার্তা প্রসঙ্গে তানজিদ বলেন, ‘প্রতিপক্ষ জিম্বাবুয়ে কিংবা অস্ট্রেলিয়া, এটা না দেখে প্রত্যেকটা আন্তর্জাতিক ম্যাচে একইভাবে মনোযোগ রেখে, একই প্রস্তুতি রেখে এবং একটি দল হয়ে সব বিভাগে ভালো নৈপুণ্য দেখাতে পারি, এই ইতিবাচক বার্তাটাই তিনি আমাদের দিয়েছেন।’
দলের কঠিন সময়ে ক্রিকেটারদের ঐক্যবদ্ধ থাকা এবং আত্মবিশ্বাস ধরে রাখাই ছিল তামিম ইকবালের আলোচনার মূল বার্তা।








