মেসিদের বিপক্ষে রেফারিকে জালিম ডেকে নিষিদ্ধ হলেন মিশরের জিকো

আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ শেষে রেফারিকে ‘জালিম’ বলে সমালোচনা করায় ফিফার শাস্তির মুখে পড়েছেন মিশরের ফরোয়ার্ড মোস্তফা জিকো। তাঁকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। একই ঘটনায় মিশরের প্রধান কোচ হোসাম হাসান ও দলীয় ম্যানেজার ইব্রাহিম হাসানকে তিন ম্যাচ করে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
বিজ্ঞাপন
বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে রোমাঞ্চকর ম্যাচে একপর্যায়ে ২-০ গোলে এগিয়ে ছিল মিশর। তবে শেষ পর্যন্ত ৩-২ গোলে হেরে যায় দলটি। ম্যাচে মিশরের একটি গোল বাতিল করা হয়। এ সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মিশরের খেলোয়াড় ও কর্মকর্তারা।
ম্যাচ শেষে রেফারিকে ‘জালিম’ সম্বোধন করে ক্ষোভ প্রকাশ করেন ফরোয়ার্ড জিকো। ওই ঘটনার পর তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ফিফা।
এই নিষেধাজ্ঞা মিশরের জাতীয় দলের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি মিশর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) হোসাম হাসানের সঙ্গে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত অনুমোদন করেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নিষেধাজ্ঞার কারণে আগামী মাসে ২০২৭ আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মালাউইয়ের বিপক্ষে দুই ম্যাচে দলের ডাগআউটে থাকতে পারবেন না হোসাম ও ইব্রাহিম হাসান। এ ছাড়া ২০২৭ সালের মার্চে অ্যাঙ্গোলার বিপক্ষে গুরুত্বপূর্ণ বাছাইপর্বের ম্যাচেও নিষিদ্ধ থাকবেন তাঁরা।
অন্যদিকে, জিকোর নিষেধাজ্ঞার মেয়াদ আরও দীর্ঘ। শাস্তির কারণে ২০২৭ সালের জুনের আগে জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারবেন না এই উইঙ্গার। ফলে আফ্রিকা কাপ অব নেশন্সের বাছাইপর্বে মিশরের বাকি চারটি ম্যাচসহ আরও একটি আন্তর্জাতিক ম্যাচে তাঁকে পাওয়া যাবে না।
ফিফার এই শাস্তির ফলে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচগুলোতে কোচিং স্টাফ ও আক্রমণভাগের খেলোয়াড়কে ছাড়াই পরিকল্পনা সাজাতে হবে মিশরকে।








