Logo

আইসিসির শাস্তি পেলেন ভারতীয় ওপেনার

profile picture
ক্রীড়া ডেস্ক
২০ অক্টোবর, ২০২৬, ১৮:২৭
আইসিসির শাস্তি পেলেন ভারতীয় ওপেনার
ছবি: সংগৃহীত

ক্যাচ মিস করে হতাশায় বল মাটিতে ছুড়ে মারায় শাস্তি পেয়েছেন ভারতের ওপেনার শেফালি ভার্মা। তাঁকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। পাশাপাশি তাঁর শৃঙ্খলাজনিত রেকর্ডে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

বিজ্ঞাপন

গত রোববার রায়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে এ ঘটনা ঘটে। জিম্বাবুয়ের ইনিংসের ১২তম ওভারে শ্রি চরানির বলে মিড-অফে চিপো মুগেরি-তিরিপানোর ক্যাচ নিতে পারেননি শেফালি। এরপর হতাশা থেকে বলটি মাটিতে ছুড়ে মারেন ভারতের এই ব্যাটার।

আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন শেফালি। আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের সরঞ্জাম, পোশাক, মাঠের সরঞ্জাম কিংবা স্থাপনার অপব্যবহার এই অনুচ্ছেদের আওতাভুক্ত। তাঁর এ আচরণকে লেভেল-১ অপরাধ হিসেবে বিবেচনা করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

শেফালি নিজের অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জি এস লক্ষ্মীর দেওয়া শাস্তি মেনে নিয়েছেন। ফলে এ ঘটনায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসের মধ্যে এটিই তাঁর প্রথম অপরাধ।

বিজ্ঞাপন

আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে আনুষ্ঠানিক তিরস্কার থেকে শুরু করে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হতে পারে।

নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় ২৪ মাসের মধ্যে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পেলে সেগুলো সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। এর ফলে সংশ্লিষ্ট খেলোয়াড় নিষেধাজ্ঞার মুখেও পড়তে পারেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD