স্তন ক্যানসার সচেতনতায় গোলাপি জার্সিতে পাকিস্তান দল

ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ওয়ানডেতে গোলাপি জার্সি পরে মাঠে নেমেছে পাকিস্তান। স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং দ্রুত রোগ শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরতেই দলটির এই বিশেষ উদ্যোগ।
বিজ্ঞাপন
রবিবার (২৫ অক্টোবর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি স্তন ক্যানসার সচেতনতা কার্যক্রমের জন্য উৎসর্গ করা হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে আয়োজন করা হয়েছে ‘ব্রেস্ট ক্যানসার অ্যাওয়ারনেস ডে’।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আন্তর্জাতিকভাবে পালিত ‘পিঙ্কটোবার’ বা স্তন ক্যানসার সচেতনতা মাসের সঙ্গে সামঞ্জস্য রেখে নেওয়া হয়েছে এ উদ্যোগ। এ উপলক্ষে গোলাপি সাজে সাজানো হয়েছে গাদ্দাফি স্টেডিয়াম। টসের সময় অধিনায়ক শাহিনশাহ আফ্রিদিকে গোলাপি জার্সিতে দেখে অনেক দর্শকই বিস্মিত হন।
শুধু পাকিস্তান দলের পোশাকেই নয়, ম্যাচের অন্যান্য আয়োজনেও রাখা হয়েছে সচেতনতামূলক বার্তা। ইংল্যান্ড দলের খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা ও ধারাভাষ্যকাররা স্তন ক্যানসারে আক্রান্ত এবং রোগমুক্ত ব্যক্তিদের প্রতি সংহতি জানিয়ে গোলাপি ফিতা পরে অংশ নিয়েছেন।
বিজ্ঞাপন
এ ছাড়া ম্যাচে ব্যবহার করা হচ্ছে গোলাপি স্টাম্প। স্টেডিয়ামের বড় পর্দা ও সীমানার পাশের এলইডি বোর্ডে প্রচার করা হচ্ছে স্তন ক্যানসার বিষয়ে সচেতনতামূলক বার্তা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সরাসরি সম্প্রচারের সময় ধারাভাষ্যকাররাও এ বিষয়ে দর্শকদের সচেতন করবেন। মাঠের আয়োজন ও সম্প্রচারের মাধ্যমে পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের কাছে সচেতনতামূলক বার্তা পৌঁছে দিতে চায় পিসিবি।
এই উদ্যোগের মূল লক্ষ্য স্তন ক্যানসার সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো, দ্রুত রোগ শনাক্তকরণে উৎসাহ দেওয়া এবং সময়মতো চিকিৎসা নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরা।








