বিপিএল বন্ধের খবরে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী

গত কয়েক বছর ধরেই বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে নানা সমালোচনা ও নেতিবাচক আলোচনা চলছে। এরই মধ্যে ২০২৭ সালের মৌসুমে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্ট আয়োজন না করে নতুন মডেল চালুর পরিকল্পনার কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিজ্ঞাপন
ভবিষ্যতে বিপিএল কীভাবে আয়োজন করা হবে, তা নিয়ে গত ২৯ আগস্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। এ ছাড়া ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গেও আলোচনা করেছে বোর্ড। বিসিবির সিদ্ধান্তে সম্মতিও জানিয়েছেন ক্রিকেটাররা। পরে দেশের ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন টুর্নামেন্টে ম্যাচ ফি বাড়ানো হয়েছে।
তবে বিপিএল না হওয়ার সম্ভাবনার বিষয়টি আগে থেকে জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রোববার একটি অনুষ্ঠানে যোগ দিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি তো আপনাদের কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিপিএলকে দেশের জনপ্রিয় একটি টুর্নামেন্ট উল্লেখ করে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, বোর্ড সভাপতি টুর্নামেন্টটি আয়োজন না করার পেছনে কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন বলে তিনি জানতে পেরেছেন।
তিনি বলেন, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয়, এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত।’
বিপিএল কেন আয়োজন করা হচ্ছে না, সে বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন বলেও মন্তব্য করেন আমিনুল হক। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের বড় ক্রিকেট আয়োজন যাতে নিয়মিত ও ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হয়, সে বিষয়গুলো নজরদারিতে রাখার কথা জানান তিনি।
বিজ্ঞাপন
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয়, সেই জায়গাগুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।’








