Logo

২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৬:৫৪
২৪ হাজার ১৩টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে
ছবি: সংগৃহীত

বিগত সময়ে রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক ২৪ হাজার ১৩টি মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। রাজনৈতিক উদ্দেশ্যে করা আরও মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান আইনমন্ত্রী। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এ বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি।

চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর লিখিত প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।

প্রশ্নে কেরামত আলী জানতে চান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের করা মিথ্যা ও রাজনৈতিক মামলাগুলোর নিষ্পত্তি না হওয়ায় এখনো হাজার হাজার মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা নিষ্পত্তিতে বিলম্বের কারণ কী এবং কবে নাগাদ সেগুলোর সমাধান হবে, সে বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা বা রোডম্যাপ রয়েছে কি না।

বিজ্ঞাপন

জবাবে আইনমন্ত্রী জানান, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ প্রথমে অন্তর্বর্তী সরকারের সময়ে নেওয়া হয়। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা পর্যায়ে চার সদস্যের কমিটি গঠন করা হয়। জেলা ম্যাজিস্ট্রেটদের সভাপতিত্বে এসব কমিটি রাজনৈতিক হয়রানিমূলক মামলা যাচাই-বাছাইয়ের দায়িত্ব পালন করছে।

কমিটিগুলোর কার্যক্রম সম্পর্কে মন্ত্রী জানান, মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, প্রযোজ্য ক্ষেত্রে চার্জশিটের সত্যায়িত অনুলিপি এবং সংশ্লিষ্ট পাবলিক প্রসিকিউটরের মতামত পর্যালোচনা করা হয়। কোনো মামলা রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, সেটি পরিচালনা করা জনস্বার্থে প্রয়োজনীয় কি না এবং মামলা চলমান থাকলে রাষ্ট্রের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে কি না—এসব বিষয় বিবেচনায় নিয়ে প্রত্যাহারের সুপারিশ করা হয়।

বিজ্ঞাপন

আইনমন্ত্রী আরও জানান, জেলা পর্যায়ের কমিটিগুলোর সুপারিশ পর্যালোচনা ও মামলা প্রত্যাহারের কার্যক্রম সমন্বয়ের জন্য ২০২৬ সালের ৮ মার্চ ছয় সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আইনমন্ত্রীকে ওই কমিটির আহ্বায়ক করা হয়েছে।

তিনি বলেন, জেলা কমিটির সুপারিশ যাচাই করে কোনো মামলা রাজনৈতিক হয়রানিমূলক বলে প্রমাণিত হলে তা প্রত্যাহারের জন্য সরকার প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD