Logo

আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

profile picture
জেলা প্রতিনিধি
ঢাকা
১০ নভেম্বর, ২০২৬, ১৩:৫৪
আশুলিয়ায় আবারও শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
ছবি: সংগৃহীত

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বাড়ানোর দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চল। কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জামগড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি ছুটিসহ কয়েক দিনের বিরতির পর মঙ্গলবার সকালে আশুলিয়া শিল্পাঞ্চলের সব কারখানায় নির্ধারিত সময়েই শ্রমিকরা কাজে যোগ দেন। তবে কর্মস্থলে উপস্থিত হলেও কয়েকটি কারখানার শ্রমিকরা দাবি আদায়ে কর্মবিরতি পালন করেন।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। প্রথমে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। সংঘর্ষে অন্তত দুজন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

আহতরা হলেন আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। তারা দুজনই স্টারলিং স্টাইল পোশাক কারখানার শ্রমিক।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক (অপারেশন) হারুন অর রশিদ জানান, রাবার বুলেটের আঘাত নিয়ে দুজন পোশাকশ্রমিক হাসপাতালে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্যে রাফিয়া বেগমের মাথায় আঘাত থাকায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে আলমগীর হোসেন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

এ বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মো. মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, সকালে পরিস্থিতি স্বাভাবিক ছিল। হঠাৎ জামগড়া এলাকায় কিছুটা উত্তেজনা তৈরি হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD