Logo

ধামরাইয়ে ফের গভীর রাতে বাসে আগুন, চার দিনে পুড়ল চারটি

profile picture
উপজেলা প্রতিনিধি
ধামরাই, ঢাকা
১০ নভেম্বর, ২০২৬, ১৩:০৭
ধামরাইয়ে ফের গভীর রাতে বাসে আগুন, চার দিনে পুড়ল চারটি
ছবি: সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে একের পর এক যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ বাড়ছে। মাত্র চার দিনের ব্যবধানে উপজেলার বিভিন্ন স্থানে চারটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

সর্বশেষ মঙ্গলবার (১০ নভেম্বর) গভীর রাতে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাস মালিকদের করা পৃথক দুটি মামলায় ইতোমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুতিপাড়া ইউনিয়নের বাথলী এলাকার মৃত মাইন উদ্দিন বেপারীর ছেলে বাবুল হোসেন ওরফে কদম আলী (৫৫), ঈশান নগর এলাকার মৃত হযরত আলীর ছেলে আবদুল্লাহ আল মামুন (৩৭), কুল্লা ইউনিয়নের ঈমান গান্দাইল এলাকার মৃত জাফর আলীর ছেলে মহিউদ্দিন (৬৮), সানোড়া ইউনিয়নের চর খন্ড এলাকার আজিজুল হকের ছেলে আবু বক্কর সিদ্দিক (২৮) এবং বাইচাইল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে মাসুদুর রহমান (৬০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১টার দিকে ধামরাই ভূমি অফিসের সামনে হামজা ব্রাদার্স পরিবহনের বাসটিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খানের নেতৃত্বে দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ১টা ৩৫ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

অগ্নিকাণ্ডে বাসটির আনুমানিক তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হন। বাসটি ঢুলিভিটা থেকে আশুলিয়ার ডিইপিজেড এলাকার একটি পোশাক কারখানার কর্মীদের যাতায়াতের কাজে ব্যবহৃত হতো। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, পরিকল্পিতভাবে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে গত রোববার ভোররাতে শরীফবাগ এলাকায় আফাজ উদ্দিন কলেজের সামনে ডি-লিংক পরিবহনের একটি পোশাক কারখানার কর্মীবাহী বাসে অগ্নিসংযোগ করা হয়। তারও আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ধামরাই থানা রোডে মেরামতাধীন পাভেল পরিবহনের বাস এবং শুক্রবার দিবাগত রাতে ঢাকা-আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় পল্লী সেবা পরিবহনের একটি বাসে আগুন লাগে।

বিজ্ঞাপন

ধারাবাহিক এসব অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে চারটি বাস পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, গত কয়েক দিনে চারটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। আমরা বাস মালিকদের আগেই সতর্ক করেছি এবং বাসগুলো নিরাপদে পাহারায় রাখার অনুরোধ জানিয়েছি। এই আগুনের ঘটনাগুলো রাজনৈতিক নাশকতা নাকি ব্যক্তিগত বিরোধ থেকে ঘটছে, তা বিভিন্ন দিক সামনে রেখে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, চারটি ঘটনার মধ্যে দুটি ঘটনায় বাস মালিকরা বাদী হয়ে থানায় পৃথক মামলা করেছেন। এসব মামলায় অভিযান চালিয়ে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অগ্নিসংযোগের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD