Logo

বাউফলে সাংবাদিকের স্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট, আদালতে মামলা

profile picture
উপজেলা প্রতিনিধি
বাউফল, পটুয়াখালী
১০ নভেম্বর, ২০২৬, ১৩:০২
বাউফলে সাংবাদিকের স্ত্রীকে নিয়ে মানহানিকর পোস্ট, আদালতে মামলা
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে সাংবাদিকের স্ত্রীকে নিয়ে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রকাশের অভিযোগে পটুয়াখালীর বাউফলে ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডির বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। অভিযোগটি আমলে নিয়ে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করতে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনালে মামলাটি করেন বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালবেলার বাউফল প্রতিনিধি কামরুজ্জামান বাচ্চু। মামলার নম্বর ৩১৩/২০২৬ (বরিশাল)।

মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবীর সূত্রে জানা যায়, গত ৩ নভেম্বর ‘খবর আছে’ নামের একটি ফেসবুক আইডি থেকে সাংবাদিক কামরুজ্জামান বাচ্চুর স্ত্রীর বিরুদ্ধে অশালীন ও মানহানিকর বক্তব্য প্রচার করা হয়। এতে তাঁর পরিবারের সামাজিক সম্মান ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কে. এম. মাহাবুবুর রহমান সেন্টু বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে একটি মহল মানুষের সম্মানহানি ও হয়রানিমূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এসব অপরাধের বিরুদ্ধে আইনের যথাযথ প্রয়োগ জরুরি। আদালত অভিযোগটি আমলে নিয়ে বাউফল থানার ওসিকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার বাদী কামরুজ্জামান বাচ্চু বলেন, এ মামলার মাধ্যমে তিনি ন্যায়বিচার প্রত্যাশা করছেন। ভবিষ্যতে কোনো সাংবাদিক কিংবা সুশীল সমাজের প্রতিনিধিকে নিয়ে যেন কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য বা লেখা প্রকাশ করা না হয়, সে লক্ষ্যেই তিনি আইনের আশ্রয় নিয়েছেন।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ‘খবর আছে’ নামের ওই ফেসবুক আইডি বা পেজ থেকে সাংবাদিক পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বিরুদ্ধে আপত্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করা হচ্ছে। এর শিকার হচ্ছেন সামাজিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও গৃহিণীরাও।

বিজ্ঞাপন

বাউফল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক বলেন, বাউফলে সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে সব সময় আতঙ্ক বিরাজ করছে। সাংবাদিক ও তাঁদের স্বজনদের নিয়ে মানহানিকর তথ্য, ছবি প্রচার এবং হুমকির ঘটনা ঘটলেও প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, প্রশাসন কঠোর পদক্ষেপ না নিলে এ ধরনের কর্মকাণ্ড আরও বিস্তার লাভ করতে পারে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD