খাগড়াছড়িতে রাতের আঁধারে বিএনপি কার্যালয় ও গাড়িতে আগুন

খাগড়াছড়ির গুইমারা উপজেলা ও জেলা সদরে পৃথক অগ্নিসংযোগের ঘটনায় ওয়ার্ড বিএনপির একটি কার্যালয় এবং একটি চাঁদের গাড়ি পুড়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে এসব ঘটনা ঘটে। অগ্নিসংযোগে জড়িত সন্দেহে আটজনকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৩টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী আটজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। একই সঙ্গে অগ্নিসংযোগের ঘটনায় তাঁদের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অন্যদিকে, একই রাতে খাগড়াছড়ি জেলা সদরের কল্যাণপুর মোড় এলাকায় পার্কিং করে রাখা একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে আগুনে গাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
গাড়ির মালিক মো. শাহীন জানান, আগুন লাগার খবর পেয়ে বাড়ি থেকে ঘটনাস্থলে এসে গাড়িতে আগুন জ্বলতে দেখেন। তখন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছিলেন। স্থানীয় বাজারের এক নৈশপ্রহীর দাবি, ১০ থেকে ১২ জন ব্যক্তি গাড়িটিতে আগুন দিয়ে চলে যায়।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, শহরের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
বিজ্ঞাপন








