চট্টগ্রামে বাস-ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ; ৩ ছাত্রলীগ কর্মী আটক

চট্টগ্রামের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোররাত থেকে নগরের খুলশী ও সিটি গেট এবং হাটহাজারী, আনোয়ারা ও সাতকানিয়া উপজেলায় এসব ঘটনা ঘটে। এসব ঘটনায় পেট্রোল বোমাসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।
বিজ্ঞাপন
আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় ককটেল বিস্ফোরণের পর অগ্নিসংযোগ করা হয়। এতে ব্যাংকটির কিছু নথিপত্র পুড়ে গেছে। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, আগুন লাগার পর ব্যাংকের নিরাপত্তাকর্মী তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অন্যদিকে, হাটহাজারীতে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে দুটি বাসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশ ধাওয়া করে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন কর্মীকে আটক করে। তাদের কাছ থেকে দুটি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, বাস ভাঙচুরের সময় ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর কথা জানিয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
এদিকে, নগরের আকবর শাহ থানার অধীন সিটি গেটের মনসুরাবাদ এলাকায় একটি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। দুর্বৃত্তরা অটোরিকশায় এসে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।
এ ছাড়া খুলশী থানার পলিটেকনিক ইনস্টিটিউট এলাকায় পুলিশের জব্দ করা একটি ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
বিজ্ঞাপন
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (মিডিয়া) আমিনুর রশিদ জানান, নগরের বিভিন্ন স্থানে নাশকতার চেষ্টা চলছে। এসব ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।








