Logo

মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক

profile picture
জেলা প্রতিনিধি
রাজশাহী
১০ নভেম্বর, ২০২৬, ১৪:৫২
মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের তিনজন আটক
ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের মশাল মিছিল আয়োজনের প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ৪০টি মশাল, একটি চাকু, মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর বাকশিমইল ইউনিয়নের পত্রপুর গ্রামের যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার হরিগাছি গ্রামের মোজাহার আলীর ছেলে মেহেদী হাসান নিরব (২৫), তিলাহারী গ্রামের ইমরুল হোসেনের ছেলে মশিউর রহমান তুহিন (২৪) এবং একই গ্রামের দুলাল হোসেনের ছেলে সুমন আলী (২১)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন ও ছাত্রলীগের প্রায় ৫০ থেকে ৬০ জন সদস্য ওই এলাকায় জড়ো হয়েছিলেন। তাঁরা মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিলেন। শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার প্রচারণার সমর্থনে এবং ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হচ্ছিল বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

গোপন সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও তিনজনকে আটক করা সম্ভব হয়।

অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ৪০টি মশাল, একটি মোটরসাইকেল, বাটসহ প্রায় ৮ ইঞ্চি লম্বা একটি চাকু এবং তিনটি মোবাইল ফোন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ সদস্যকে আটক করা হয়েছে। তাদেরকে আজ আদালতে পাঠানো হবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD