বরগুনায় স্কুলের ফটকে তালা, পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

বরগুনায় সকালে বিদ্যালয়ে এসে প্রধান ফটকে তালা ঝুলতে দেখে ফিরে যেতে হয়েছে অনেক শিক্ষার্থীকে। সোমবার গভীর রাতে জেলার বিভিন্ন উপজেলায় একযোগে সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের দরজায় তালা দেওয়ার ঘটনা ঘটেছে। এতে চলমান টেস্ট পরীক্ষা নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।
বিজ্ঞাপন
জানা গেছে, বরগুনা সরকারি জেলা স্কুল ও বরগুনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ জেলার অন্তত অর্ধশত শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে তালা দেওয়া হয়। বর্তমানে বিভিন্ন বিদ্যালয়ে মাধ্যমিক পর্যায়ের পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষা চলায় এ ঘটনায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বেতাগী উপজেলায় উপজেলা পরিষদ ভবন, পৌরসভা কার্যালয়, বেতাগী সরকারি কলেজ, বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয় ও জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপথে তালা পাওয়া যায়।
এ ছাড়া বামনা উপজেলার রামনা শের-ই-বাংলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, পাথরঘাটা সরকারি কলেজ এবং পাথরঘাটা, আমতলী ও তালতলীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও একই পরিস্থিতির খবর পাওয়া গেছে। সব মিলিয়ে জেলার প্রায় ৩০টি সরকারি প্রতিষ্ঠানে তালা দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করা হচ্ছে। অভিযোগ রয়েছে, তালা দেওয়ার সময়কার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
এ পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। তাঁদের বক্তব্য, রাজনৈতিক কর্মকাণ্ড থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানকে এর বাইরে রাখা প্রয়োজন। বিশেষ করে পরীক্ষার সময় বিদ্যালয় বন্ধ বা শিক্ষা কার্যক্রম ব্যাহত হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিজ্ঞাপন
অভিভাবকেরা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের তালা খুলে দিয়ে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তাঁরা।
এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে সকালে খবর পেয়ে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় বেশ কয়েকটি প্রতিষ্ঠানের তালা খুলে দেওয়া হয়েছে বলে জানা গেছে।








