কালীগঞ্জে অনলাইন জুয়ার অভিযোগে ডিবির অভিযানে গ্রেপ্তার সাতজন

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়া খেলা ও অর্থ লেনদেনের অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তাঁদের কাছ থেকে সাতটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টা ২০ মিনিটে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী বটতলা রাধাগোবিন্দ মন্দির সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে অভিযান চালিয়ে আরও চারজনকে আটক করে ডিবি পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪), গোপাল চন্দ্র রায় (২৩), এরশাদুল হক (৪০), নাজমুল হক (২৮), মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, জব্দ করা মোবাইল ফোনগুলো পরীক্ষা করে Bee999, KG999, Joya777, Crickex, TK999.com ও Babu88.com-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপ এবং ওয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে। পাশাপাশি নগদ ও বিকাশের মাধ্যমে অর্থ লেনদেনের তথ্যও উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।








