পুলিশ পৌঁছানোর আগেই উধাও, নিষিদ্ধ ছাত্রলীগের সড়ক অবরোধের চেষ্টা

চট্টগ্রামের আনোয়ারায় টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধের চেষ্টা করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৬টার দিকে উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী সড়কের শোলকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কয়েকজন ব্যক্তি সড়কে অবস্থান নিয়ে একাধিক টায়ারে আগুন ধরিয়ে দেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এতে সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, অবরোধের চেষ্টায় অংশ নেওয়া ব্যক্তিদের কয়েকজনের মাথায় হেলমেট এবং কারও কারও মুখে মাস্ক বা মুখোশ ছিল। তারা সড়কে টায়ার জ্বালিয়ে স্লোগান দিচ্ছিলেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাওয়ার আগেই ঘটনাস্থল ছেড়ে চলে যান অবরোধের চেষ্টায় অংশ নেওয়া ব্যক্তিরা। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুনায়েত চৌধুরী বলেন, পুলিশ পৌঁছানোর আগেই তারা সরে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা যাচাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।








