‘সাংবাদিক রাজুর সঙ্গে আছি’, পরীমনি ইস্যুতে রাশেদ খাঁন

দৈনিক সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজুকে ঢাকার আদালত প্রাঙ্গণে গালিগালাজ ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে। এ ঘটনায় সাংবাদিক রাজুর প্রতি সংহতি প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, ‘আমরা রাজুর সঙ্গে আছি, ইনশাআল্লাহ।’
বিজ্ঞাপন
শুক্রবার (৬ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ কথা জানান রাশেদ খাঁন।
ফেসবুক পোস্টে তিনি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়ের একটি ঘটনা তুলে ধরেন। রাশেদ খাঁন লেখেন, ‘শেখ হাসিনার ৯০ পার্সেন্ট পতন হয়ে গেছে, ১০ পার্সেন্ট ধাক্কা দাও।’ সেদিন গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিল। নুরুল হক নুরকে আদালতে হাজির করার জন্য আনা হয়েছিল। বৃষ্টির কারণে দুজন সাংবাদিক ছাড়া অন্যরা আদালতের বারান্দাসহ বিভিন্ন স্থানে অবস্থান নেন।
ঘটনার বর্ণনায় রাশেদ খাঁন বলেন, পুলিশ যখন নুরুল হক নুরকে লিফটে তুলছিল, তখন সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু তাঁকে প্রশ্ন করেন, ‘নুর ভাই আন্দোলন তো বন্ধ হয়ে গেছে, আপনার কোনো বার্তা আছে?’ জবাবে নুরুল হক নুর বলেন, ‘শেখ হাসিনার ৯০% পতন হয়ে গেছে, ১০% ধাক্কা দাও.....।’
বিজ্ঞাপন
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, সমকালের ফেসবুক পেজে ভিডিওটি প্রকাশের পরপরই তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিভিন্ন গণমাধ্যমেও ভিডিওটি প্রচারিত হয়। তাঁর মতে, গণঅভ্যুত্থানের সময় বক্তব্যটি মানুষের মধ্যে নতুন শক্তি ও সাহস জুগিয়েছিল।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এই বক্তব্যের নেপথ্যে সাংবাদিক রাজুর ভূমিকার কথা তুলে ধরে রাশেদ খাঁন লেখেন, অনেকেই বক্তব্যটি শুনেছেন, কিন্তু এর পেছনের গল্প জানেন না। সেই গল্পের অন্যতম কারিগর সমকালের মাল্টিমিডিয়া রিপোর্টার রবিউল ইসলাম রাজু। তিনি রাজুকে অত্যন্ত অমায়িক, ভদ্র ও পরিপাটি একজন মানুষ হিসেবে বর্ণনা করেন।
রাজুর ব্যক্তিত্ব ও পেশাগত দক্ষতার প্রশংসা করে তিনি আরও লেখেন, ছেলেটির এক হাতে জন্মগতভাবে ত্রুটি রয়েছে। তবে এটি তাঁর পেশাগত কাজে কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। বরং অনেক স্বাভাবিক মানুষের তুলনায় তাঁর ক্যামেরা পরিচালনা ও ভিডিও সম্পাদনার দক্ষতা ভালো। রাশেদ খাঁন রাজুর সাংবাদিকতা জীবনের সাফল্যও কামনা করেন।
বিজ্ঞাপন
পোস্টের শেষাংশে সাংবাদিক রাজুকে যেভাবে দোষারোপ করে অপদস্থ করা হয়েছে, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রাশেদ খাঁন। একই সঙ্গে তাঁর পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে লেখেন, ‘আমরা রাজুর সঙ্গে আছি, ইনশাআল্লাহ।’








