বাবার সঙ্গে মিটেছে বিরোধ, ক্ষমা চেয়ে যা বললেন তাশরীফ

বাবার সঙ্গে পারিবারিক বিরোধ মিটিয়ে একসঙ্গে সুন্দরভাবে থাকতে চান ইসলামি আলোচক ও সংগীতশিল্পী জুবায়ের আহমাদ তাশরীফ। তিনি জানিয়েছেন, তাঁর বাবা স্বেচ্ছায় তাঁর কাছে এসেছেন এবং তিনিও বাবার কাছে ক্ষমা চেয়েছেন। অতীতের রাগ-অভিমান ভুলে পারিবারিক সম্পর্ক স্বাভাবিক করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে ফেসবুকে প্রকাশিত এক দীর্ঘ ভিডিওবার্তায় এসব কথা বলেন তাশরীফ।
ভিডিওবার্তায় তিনি বলেন, ‘পরিবারে কখনো রাগ-অভিমান, কখনো আদর-ভালোবাসা, এসব হয়েই থাকে। আমরা সেগুলো পারিবারিকভাবেই সমাধান করতে চাই সবসময়। আমার বাবা আজকে স্বেচ্ছায় এসেছেন আমার কাছে। আমি আমার বাবার কাছে ক্ষমা চেয়েছি, আশা করি তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমরা পরস্পর মিলে থাকতে চাই। আশা করি, এসব নিয়ে আর কেউ প্রোপাগান্ডা ছড়াবেন না।’
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাশরীফ জানান, বাবার প্রতি তাঁর কোনো অভিযোগ নেই। বাবারও তাঁর প্রতি কোনো অভিযোগ থাকবে না বলে আশা করেন তিনি। অতীতের ঘটনাগুলো পেছনে ফেলে সামনের দিনগুলো সুন্দরভাবে কাটাতে চান তাঁরা। দেশের মানুষের সামনে নিজেদের সম্পর্কের ইতিবাচক দিক তুলে ধরার প্রত্যাশাও জানিয়েছেন এই সংগীতশিল্পী।
বাবা-মায়ের সেবা করাকে সন্তানের দায়িত্ব উল্লেখ করে তাশরীফ বলেন, আল্লাহর ইবাদতের পর পিতা-মাতার খেদমত করা সন্তানের কর্তব্য। আর্থিক, শারীরিক ও সামাজিকভাবে যতভাবে সম্ভব, তিনি বাবা-মায়ের পাশে থাকতে চান। তবে তাঁদের ঘরের আশপাশে থাকা কিছু শত্রু তাঁদের একসঙ্গে মিলেমিশে থাকতে দিতে চায় না বলেও অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
গত কোরবানির ঈদের সময় পারিবারিক বিরোধ ও মনোমালিন্যের জন্য দুঃখ প্রকাশ করেন তাশরীফ। তিনি জানান, এখন থেকে মাসিক নির্দিষ্ট অঙ্কের টাকা বা নির্ধারিত হিসাবের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাবার প্রয়োজন অনুযায়ী সহযোগিতা করতে চান। বাবার ১০ হাজার টাকা প্রয়োজন হোক কিংবা ১০ লাখ টাকা—সাধ্যমতো পাশে থাকার কথা জানান তিনি।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাশরীফের ভাষ্য, বাবার জন্য নির্দিষ্ট মাস বা টাকার পরিমাণ বেঁধে দেওয়া উচিত নয়। প্রয়োজনে বাবার জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত থাকা সন্তানের দায়িত্বশীল আচরণের অংশ বলে মনে করেন তিনি। অতীতের বিরোধ ভুলে পারিবারিক বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করে ভিডিওবার্তায় সবাইকে তাঁদের ব্যক্তিগত বিষয় নিয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানান তাশরীফ।








