Logo

একসময় ভিক্ষা করে ছেলেকে সুস্থ করেছিলেন, আজ অসহায় বাবা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, ১৫:৩০
একসময় ভিক্ষা করে ছেলেকে সুস্থ করেছিলেন, আজ অসহায় বাবা
ছবি: সংগৃহীত

‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি; এখন তোমার সব হয়েছে, পর হলাম আমি’—চোখের জল মুছতে মুছতে নিজের সন্তানের বিরুদ্ধে এমন আক্ষেপ করেছেন এক বৃদ্ধ পিতা। একসময় মানুষের দ্বারে দ্বারে ঘুরে অর্থ সংগ্রহ করে ছেলের জটিল রোগের চিকিৎসা করিয়েছিলেন তিনি। কষ্ট করে গড়ে তুলেছিলেন ছেলেকে হাফেজ ও আলেম হিসেবে। অথচ এখন অসুস্থ অবস্থায় সেই ছেলের কাছ থেকেই প্রয়োজনীয় সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ তাঁর।

বিজ্ঞাপন

আলোচিত ইসলামী বক্তা হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে বাবার চিকিৎসার খরচ না দেওয়া, খোঁজখবর না রাখা এবং ভরণপোষণে অবহেলার অভিযোগ তুলেছেন তাঁর বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ।

সোমবার (২৬ অক্টোবর) রাতে গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে কান্নায় ভেঙে পড়ে নিজের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরেন তিনি।

অসুস্থ শরীরে একাকী জীবন কাটানো মাওলানা হেদায়েতুল্লাহ জানান, ছেলের কাছে চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়েও বারবার প্রত্যাখ্যাত হয়েছেন তিনি। আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি নিজে অসুস্থ, অথচ ছেলের কাছে টাকা চাইলে দেয় না। কোনো খোঁজখবর রাখে না। সে কত জায়গায় কত টাকা ব্যয় করে।’

বিজ্ঞাপন

ছেলের শৈশবের স্মৃতি রোমন্থন করে তিনি জানান, সাধারণ এক মসজিদের ইমামতির সামান্য আয়ে সংসার চালানোই যেখানে কঠিন ছিল, সেখানে তাশরীফ ছোটবেলায় গুরুতর মূত্রনালীর জটিলতায় (প্রস্রাব বন্ধ হওয়া) আক্রান্ত হলে মানুষের কাছে হাত পেতে, দ্বারে দ্বারে সাহায্য চেয়ে অর্থ জোগাড় করেছিলেন। ঢাকা, ময়মনসিংহ ও মির্জাপুর হাসপাতালে বছরের পর বছর ঘুরে বহু কষ্টে ছেলের চিকিৎসা সম্পন্ন করে সুস্থ করে তুলেছিলেন। কষ্ট করে ছেলেকে হাফেজ ও মাওলানা বানিয়েছেন উল্লেখ করে হেদায়েতুল্লাহ ক্ষোভ প্রকাশ করেন যে, ছেলে এখন সেই অবদানও অস্বীকার করে।

আরও পড়ুন

•

বিজ্ঞাপন

•

•

হেদায়েতুল্লাহ বলেন, ‘আমি যখন অসুস্থ ছিলাম, তখন তাকে কিছু টাকা দিতে বলেছিলাম। সে সাহায্য না করে উল্টো বলে, সে নাকি জমি কিনবে। অথচ তাকে কত কষ্ট করে পড়াশোনা করালাম, বড় করলাম!’ বাধ্য হয়ে তিনি গণমাধ্যমের সহায়তায় সাধারণ মানুষের কাছে হাত পেতে চিকিৎসার অর্থ সংগ্রহ করেন। তবে এখনো তিনি সম্পূর্ণ সুস্থ নন এবং নিয়মিত চিকিৎসার মধ্যেই দিন পার করছেন।

বিজ্ঞাপন

কান্নাজড়িত কণ্ঠে তাশরীফের বাবা বলেন, ‘যখন তোমার কেউ ছিল না, তখন ছিলাম আমি। এখন তোমার সব হয়েছে, আর পর হলাম আমি। সে আজকে আমার খোঁজখবর নেয় না, দেখে না, টাকা-পয়সাও দেয় না। বড় কষ্টের ভেতর দিন কাটাচ্ছি।’

তাশরীফের আশ্বাসে নিজের ইমামতির চাকরি ছাড়ার তিক্ত অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। হেদায়েতুল্লাহর ভাষ্য অনুযায়ী, কিছুদিন আগে তাশরীফ তাঁর কাছে এসে চেয়ারম্যান পদে দাঁড়ানোর কথা বলে দোয়া চান এবং মাফ চেয়ে নেন। এরপর প্রতি মাসে ১০ হাজার টাকা করে হাতখরচ দেওয়ার শর্তে বাবাকে মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দেওয়ার অনুরোধ করেন। ছেলের কথায় বিশ্বাস রেখে তিনি চাকরি ছাড়লেও পরবর্তীতে তাশরীফ তাঁকে একটি টাকাও দেননি।

বাবার অভিযোগ, পাওনা অর্থ চাওয়া বা খোঁজ নেওয়ার উদ্দেশ্যে ছেলেকে ফোন দিলে তিনি কখনোই রিসিভ করেন না। শতবার যোগাযোগের চেষ্টা করেও ছেলেকে পান না তিনি। এমনকি তাশরীফের ব্যক্তিগত সহকারী (পিএস) ওবায়দুল্লাহর কাছে যোগাযোগ করা হলেও নানা বাহানায় এড়িয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেও ফোন ধরা বন্ধ করে দেয়।

বিজ্ঞাপন

গত কোরবানির ঈদের একটি মর্মান্তিক ঘটনার স্মৃতিচারণ করে তিনি জানান, এলাকায় গরু কোরবানি দেওয়ার সময় ছেলের কাছে তিনি সামান্য কিছু মাংস চেয়েছিলেন। কিন্তু বন্ধুদের মাংস ও অর্থ দেওয়া লাগবে—এই অজুহাতে নিজের গর্ভধারিণী পিতার পরিবারকে এক টুকরো মাংসও দেননি তাশরীফ।

বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহর উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে হাফেজ ক্বারি জুবায়ের আহমাদ তাশরীফের কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ফলে অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে আগেও আলোচনায় এসেছেন জুবায়ের আহমাদ তাশরীফ। সম্প্রতি গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় ছয় বছর বয়সী এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও চুমু দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া এক শিক্ষকের পক্ষে সাফাই গেয়ে ফেসবুকে মন্তব্য করার কারণে তাঁকে ঘিরে বিতর্ক তৈরি হয়। শিশু নিপীড়নের মতো স্পর্শকাতর বিষয়ে তাঁর ওই বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ক্ষোভ দেখা দেয়।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD