Logo

দেশ ছাড়ার দাবি রুমির, বার্তায় লিখলেন ‘আপনারা ভালো থাকেন’

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর, ২০২৬, ১৪:৩৯
দেশ ছাড়ার দাবি রুমির, বার্তায় লিখলেন ‘আপনারা ভালো থাকেন’
ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার ভেতরে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ এবং এ ঘটনায় পাল্টাপাল্টি মামলাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এরই মধ্যে ভুক্তভোগী শিশুর বাবা শাহজালাল রুমি দাবি করেছেন, তিনি দেশ ছেড়ে চলে গেছেন। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) রাত ৮টার দিকে গণমাধ্যমে পাঠানো এক খুদেবার্তায় নিজের দেশ ছাড়ার কথা জানান শাহজালাল রুমি। তবে কোন দেশে অবস্থান করছেন, সে বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি।

খুদেবার্তায় রুমি লেখেন, ‘আমি এই দেশে আর নাই। এগুলা নিয়ে আর ভাবছি না, যা হয় হোক, আপনারা ভালো থাকেন।’

একই বার্তায় মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলে তিনি আরও উল্লেখ করেন, ‘একজন আলেম হয়েও তিনি অনেক মিথ্যা বলেছেন এবং এখনো বলে যাচ্ছেন।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনার সূত্রপাত গত ২১ অক্টোবর। টঙ্গীর মধ্য আউচপাড়া এলাকার ‘ক্বারিউল কুরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা’র শিক্ষক ও প্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ মোসলেম উদ্দিনের বিরুদ্ধে সাত বছর বয়সী ওই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠে। বিষয়টি জানার পর ক্ষুব্ধ হয়ে শিশুটির বাবা শাহজালাল রুমি মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে মারধর করেন।

খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে শিক্ষক মোসলেম উদ্দিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। এরপর শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ শিক্ষক মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরবর্তীতে শিক্ষককে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় ব্যাপক তোলপাড় ও বিতর্ক শুরু হয়।

বিজ্ঞাপন

ঘটনাটি এখানেই থেমে থাকেনি; শিক্ষক কারাগারে যাওয়ার পর মাদ্রাসার অধ্যক্ষের পক্ষ থেকে শিশুটির বাবা শাহজালাল রুমির বিরুদ্ধে টঙ্গী পশ্চিম থানায় একটি পাল্টা মামলা দায়ের করা হয়। ওই মামলায় তার বিরুদ্ধে মাদ্রাসায় অনধিকার প্রবেশ, ভাঙচুর ছাড়াও ১৭ লাখ টাকা চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা হয়।

পাল্টা মামলা দায়েরের পর থেকে জনসমক্ষে দেখা যাচ্ছিল না শাহজালাল রুমিকে। এ নিয়ে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যে সোমবার রাতে গণমাধ্যমে খুদেবার্তা পাঠিয়ে দেশ ছাড়ার দাবি করেন তিনি।

তবে শাহজালাল রুমি সত্যিই দেশ ছেড়েছেন কি না, তিনি কোথায় অবস্থান করছেন কিংবা কীভাবে দেশত্যাগ করেছেন—এসব বিষয়ে সংশ্লিষ্ট কোনো দায়িত্বশীল সূত্র থেকে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD