Logo

ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোপনে বৈঠক করেছেন গোলাম পরওয়ার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ১৪:৫২
ভারতীয় শীর্ষ গোয়েন্দার সঙ্গে গোপনে বৈঠক করেছেন গোলাম পরওয়ার
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও দলটির নেতা এ. টি. এম. মাছুম ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠক করেছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, গত ১৬ অক্টোবর সন্ধ্যায় মাগরিবের পর রাজধানীর বারিধারার একটি বাড়িতে ওই বৈঠক হয়।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন লেখেন, বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দলটির নেতা এ. টি. এম. মাছুম এবং ভারতীয় উচ্চপর্যায়ের ওই গোয়েন্দা কর্মকর্তা অংশ নেন। মোট তিনজন বৈঠকে উপস্থিত ছিলেন বলে দাবি করেন তিনি।

রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, যারা প্রকাশ্যে ভারতের বিরুদ্ধে বক্তব্য দেন, তাঁরা কী কারণে ভারতীয় গোয়েন্দা সংস্থার একজন উচ্চপর্যায়ের কর্মকর্তার সঙ্গে গোপন বৈঠকে অংশ নিয়েছেন। তাঁর মতে, কোনো ভারতীয় কূটনীতিকের সঙ্গে বৈঠক করা এবং দেশটির উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে বৈঠক করা এক বিষয় নয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও লেখেন, ‘মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে, আশা করি তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত।’

রাশেদ খাঁন তাঁর বক্তব্যে আরও অভিযোগ করেন, আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতের আন্দোলনের পরিকল্পনা এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ।

প্রথম পোস্ট দেওয়ার প্রায় এক ঘণ্টা পর রাশেদ খাঁন নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লেখেন, ‘ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে মিয়া গোলাম পরওয়ার ও এটিএম মাছুমের গোপন বৈঠকের তথ্যটি শতভাগ সত্য।’

বিজ্ঞাপন

তবে রাশেদ খাঁনের পোস্টে উত্থাপিত অভিযোগের পক্ষে কোনো নথি বা প্রমাণের উল্লেখ নেই। বৈঠকের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার, এ. টি. এম. মাছুম কিংবা জামায়াতে ইসলামীর বক্তব্যও এই প্রতিবেদনে পাওয়া যায়নি। ফলে বিষয়টি তাঁর করা দাবি হিসেবেই বিবেচ্য।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD