Logo

ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ১৪:৩১
ওয়াজ শেষে ফেরার পথে ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়েতে সংঘবদ্ধ ডাকাত দলের কবলে পড়ার অভিযোগ করেছেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। কুমিল্লায় একটি ওয়াজ মাহফিল শেষে ঢাকায় ফেরার পথে রবিবার (২৫ অক্টোবর) রাতে উপজেলার পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ফেসবুক লাইভে এসে রফিকুল ইসলাম মাদানী জানান, কুমিল্লায় মাহফিল শেষে ঢাকায় ফেরার সময় বস্তল থেকে গাউসিয়াগামী সড়কের পাকুন্ডা এলাকায় পৌঁছালে একদল ডাকাত তাদের গাড়ির গতিরোধের চেষ্টা করে। এ সময় সড়কের ওপর বড় বড় ইট ও পাথর ফেলে রাখা হয়েছিল বলেও দাবি করেন তিনি।

মাদানীর ভাষ্য অনুযায়ী, পরিস্থিতি আঁচ করতে পেরে গাড়িচালক দ্রুত গাড়িটি প্রায় ২০০ থেকে ৩০০ গজ পেছনে সরিয়ে নেন। চালকের তাৎক্ষণিক সিদ্ধান্ত ও উপস্থিত বুদ্ধির কারণে তারা বড় ধরনের বিপদ থেকে রক্ষা পান বলে জানান এই ইসলামি বক্তা।

তিনি আরও অভিযোগ করেন, ডাকাত দল আশপাশে থাকা কয়েকজন যাত্রীর কাছ থেকে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল ছিনিয়ে নেয়। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও অন্ধকারের সুযোগ নিয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে যায় বলে দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম মাদানী বলেন, ওয়াজ মাহফিল শেষে ফেরার পথে এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া উদ্বেগজনক। দেশে আলেম-ওলামাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। মহান আল্লাহর রহমতে তারা প্রাণে বেঁচে গেছেন বলেও উল্লেখ করেন এই বক্তা। একই সঙ্গে পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক জানান, খবর পাওয়ার পর পুলিশ দুই মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।

তিনি বলেন, পুলিশ কাছাকাছি অবস্থানে না থাকলে এত অল্প সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হতো না।

বিজ্ঞাপন

ঘটনাটি নিয়ে রফিকুল ইসলাম মাদানীর বক্তব্যের পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও পরিস্থিতি সামাল দেওয়ার তথ্য জানানো হয়েছে। তবে অভিযুক্ত ডাকাতদের পরিচয় ও তাদের শনাক্ত করার বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD