Logo

হঠাৎ সাদিক কায়েমকে কেন সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪০
হঠাৎ সাদিক কায়েমকে কেন সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী
ছবি: সংগৃহীত

ডাকসু নির্বাচনে সাদিক কায়েমের জয়কে একসময় নিজেদের বিজয় হিসেবে দেখেছিলেন ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী। তবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার নেতৃত্বে আয়োজিত বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে নারীদের খেলাধুলা ও পোশাক নিয়ে প্রশ্ন তুলে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এ বিষয়ে আলেমদের সুস্পষ্ট বক্তব্য দেওয়ার অনুরোধ করেছেন মাদানী।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ২৬ সেপ্টেম্বর ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন তিনি।

মাদানী বলেন, সাদিক কায়েমের নির্বাচনী জয়কে তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরোধী শক্তির বিজয় এবং নিজেদের বিজয় হিসেবে দেখেছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের আন্দোলন-সংগ্রামের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করে ওই সময়ের উচ্ছ্বাসের কারণ ব্যাখ্যা করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাদিক কায়েম ও এস এম ফরহাদের বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসাও করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, সিট বাণিজ্য বন্ধ, যোগ্যতার ভিত্তিতে সিট বরাদ্দ, বৃষ্টির দিনে মেয়েদের জন্য ভ্যানগাড়ি ও আলাদা বাস এবং গরমের সময় সুপেয় পানির ব্যবস্থা—এসব উদ্যোগ প্রশংসনীয়।

তবে এসব কর্মকাণ্ডের পাশাপাশি ধর্মীয় বিধান ও আদর্শের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত বলে মন্তব্য করেন মাদানী। তিনি প্রশ্ন তোলেন, মুসলিম হিসেবে শুধু সুযোগ-সুবিধা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভিত্তিতে কাউকে সমর্থন করা যায় কি না।

বিজ্ঞাপন

নারীদের বাস্কেটবল খেলা প্রসঙ্গে মাদানী বলেন, আপত্তির বিষয় শুধু খেলাধুলা নয়; বরং শর্ট প্যান্ট ও টাইট ফিটিং পোশাক পরে খেলার আয়োজন এবং সেটিকে প্রকাশ্যে উৎসাহ ও গর্বের সঙ্গে উপস্থাপনের বিষয়টি নিয়ে তার প্রশ্ন রয়েছে।

তিনি আরও বলেন, অনেক তরুণী সাদিক কায়েমকে অনুসরণ করেন। বিভিন্ন আলেমের সঙ্গে তাকে একসঙ্গে কর্মসূচিতে দেখা এবং আলেমদের সমর্থনের বিষয়টি অনুসারীদের ওপর প্রভাব ফেলতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ কারণে শায়েখ আহমদুল্লাহ, শায়েখ মিজানুর রহমান আজহারী, শায়েখ মামুনুল হক ও আব্দুল হাই মুহাম্মদ সাইফুল্লাহসহ যেসব আলেমের নাম তিনি উল্লেখ করেছেন, তাদের এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দেওয়ার আহ্বান জানান মাদানী। তার মতে, এতে সাদিক কায়েমসহ সংশ্লিষ্টরা সতর্ক হতে পারবেন।

পোস্টের শেষাংশে মাদানী বলেন, বিষয়টি শুধু উন্নয়নের নয়; আদর্শ ও ধর্মীয় বিধানও গুরুত্বপূর্ণ। ইসলামের মৌলিক বিষয়গুলোকে গৌণ করে কোনো রাজনৈতিক শক্তি এগিয়ে গেলে ভবিষ্যতে তার বিরুদ্ধেও অবস্থান নেওয়ার কথা জানান তিনি।

বিজ্ঞাপন

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD