বাধা ও ষড়যন্ত্রে মানুষের ভালোবাসা থামানো যায় না: আমির হামজা

বাধা সৃষ্টি করে মানুষের ভালোবাসা কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের কণ্ঠরোধ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তিনি বলেছেন, ভয়ভীতি ও প্রতিবন্ধকতা দেখিয়ে নিজের অবস্থান থেকে তাকে একচুলও সরানো যাবে না।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।
সম্প্রতি ঝিনাইদহের কালীগঞ্জে আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের অনুমতি নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে মতবিরোধ তৈরি হয়। পরে কালীগঞ্জ থানায় অনুষ্ঠিত জরুরি বৈঠকে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, মাহফিলে কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়া হবে না—এ শর্তে আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই শুক্রবার ফেসবুক পোস্টে কালীগঞ্জের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা জানান আমির হামজা। তিনি লেখেন, ‘আজ আমি আসছি কালীগঞ্জের সরকারি নলডাঙ্গা ভূষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। আপনাদের সঙ্গে সরাসরি কথা বলতে, আপনাদের ভালোবাসা ও প্রত্যাশার কথা শুনতে এবং সত্যের পক্ষে নিজেদের অবস্থান আরও দৃঢ় করতে। মনে রাখবেন, বাধা দিয়ে মানুষের ভালোবাসা থামানো যায় না, ষড়যন্ত্র করে মানুষের কণ্ঠরোধ করা যায় না। ভয়ভীতি কিংবা প্রতিবন্ধকতা দেখিয়ে আমাকে আমার অবস্থান থেকে একচুলও সরানো যাবে না, ইনশাআল্লাহ।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
পোস্টে জনগণের সঙ্গে নিজের সম্পর্কের ভিত্তি হিসেবে ভালোবাসা, আস্থা ও আদর্শের কথা উল্লেখ করেন এই সংসদ সদস্য। তিনি আরও লেখেন, ‘আমি বিশ্বাস করি, জনগণের সঙ্গে আমার সম্পর্ক কোনো বাধা বা ষড়যন্ত্রের ওপর নির্ভরশীল নয়; এই সম্পর্ক ভালোবাসা, আস্থা ও আদর্শের। আমি আসছি, আপনারাও আসুন। দেখা হবে, কথা হবে, মতবিনিময় হবে। ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে সরাসরি সাক্ষাতের অপেক্ষায় রইলাম। সত্যের পথ কখনো বাধামুক্ত হয় না, কিন্তু সত্যের প্রতি অবিচল থাকাই আমার অঙ্গীকার।’
কালীগঞ্জের মাহফিল ঘিরে তৈরি হওয়া মতবিরোধের পর আমির হামজার এই বক্তব্য ও অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘোষণা স্থানীয়ভাবে আলোচনার জন্ম দিয়েছে।








