না পারি এলাকা ছাড়তে, না পারি ইজ্জতসহ বাঁচতে: আব্দুল হাই সাইফুল্লাহ

রাজধানীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং, মাদক এবং উচ্ছৃঙ্খল কর্মকাণ্ডের বিস্তার নিয়ে উদ্বেগ জানিয়েছেন মিরপুরের মসজিদুল জুমা কমপ্লেক্সের খতিব ও ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ। এসব সমস্যা মোকাবিলায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও দায়িত্বশীল ব্যক্তিদের কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (১৩ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এলাকার বাসিন্দাদের উদ্বেগের বিষয়গুলো তুলে ধরেন এই ইসলামি বক্তা।
পোস্টে কিশোরদের একটি দলের আচরণের বর্ণনা দিয়ে তিনি লেখেন, ‘লাগামটা ছিঁড়তে দিয়েন না! মহল্লায় রাত গভীর হওয়ার আগেই ফিরছে একদল কিশোর। বয়স ১৩-১৫। খালি গা, হাতে সিগারেট, মুখে কোরাসে চিৎকার করে গান। হাতে তামাক, নাকি অন্য কিছু জানি না। তবে তাদের বেপরোয়া ভঙ্গি দেখে প্রশ্ন জাগে, আমরা কেমন প্রজন্ম গড়ে তুলছি?
দারুসসালাম, মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী ও কল্যাণপুরের বাসিন্দারা নিশ্চয়ই সাম্প্রতিক উন্মুক্ত কনসার্টগুলোর পরবর্তী চিত্র দেখেছেন। গভীর ভুক্তভোগী এ অঞ্চলের মানুষ! না পারি এলাকা ছাড়তে না পারি ইজ্জতসহ বাঁচতে!’
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি প্রশ্ন তোলেন, সাংস্কৃতিক আয়োজনের নামে অনুষ্ঠিত এসব অনুষ্ঠানে অংশ নিয়ে বিপথগামী তরুণদের জীবনযাপনে ইতিবাচক পরিবর্তন আসছে কি না। মাদক ও জুয়া থেকে দূরে থাকা, পড়াশোনায় মনোযোগ দেওয়া কিংবা পরিবার ও সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার ক্ষেত্রে এসব আয়োজন কতটা ভূমিকা রাখছে, তা নিয়েও প্রশ্ন রাখেন তিনি।
আব্দুল হাই সাইফুল্লাহর অভিযোগ, শিশু-কিশোরদের জন্য আয়োজিত কিছু উন্মুক্ত অনুষ্ঠানে প্রকাশ্যে ধূমপান, মাদক প্রদর্শন, অশালীন আচরণ এবং সামাজিক মূল্যবোধের পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উঠছে। এসব আয়োজন থেকে কিশোরেরা কী ধরনের শিক্ষা পাচ্ছে, তা বিবেচনার আহ্বান জানান তিনি।
তার ভাষ্য, একদিকে অভিভাবকেরা সন্তানদের মাদক, কিশোর গ্যাং ও জুয়ার প্রভাব থেকে রক্ষা করতে চেষ্টা করছেন, অন্যদিকে বিনোদনের নামে কিছু আয়োজন বিতর্কিত আচরণকে স্বাভাবিক করে তোলার ঝুঁকি তৈরি করছে।
বিজ্ঞাপন
পোস্টে তিনি বলেন, সংস্কৃতির নামে স্বেচ্ছাচারিতার লাইসেন্স দেওয়া যায় না। স্বাধীনতার সঙ্গে দায়িত্ববোধও থাকতে হয়। কনসার্ট, ধর্মীয় আয়োজন কিংবা সামাজিক অনুষ্ঠান—কোনোটিই যেন কিশোরদের বিপথে যাওয়ার কারণ না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
বিনোদন ও সংস্কৃতিচর্চার পাশাপাশি সামাজিক দায়িত্বশীলতা নিশ্চিত করার ওপরও গুরুত্ব দেন এই ইসলামি বক্তা। একই সঙ্গে কিশোর গ্যাং, মাদক ও অপসংস্কৃতির বিস্তার ঠেকাতে সংশ্লিষ্টদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার অনুরোধ জানান।








