‘শরিয়া আইন অনুযায়ী আমির হামজাকে পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত’

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজাকে ঘিরে ওঠা নারীসংক্রান্ত অডিও অভিযোগের পরিপ্রেক্ষিতে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর দাবি, আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সত্য হলে শরিয়াহ আইন অনুযায়ী তাঁর পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এসব কথা বলেন রাশেদ খাঁন।
ভিডিওবার্তায় তিনি জানান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী যাচাইয়ের উদ্দেশ্যে আমির হামজার একটি অডিও-ভিডিও তাঁর কাছে পাঠিয়েছিলেন। পরে নিজ উদ্যোগে সেটির সত্যতা যাচাই করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন তিনি। এরপর জামায়াত ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ২০০টি ভিডিও তৈরি করে অডিওতে থাকা কণ্ঠ আমির হামজার নয় বলে দাবি করেন। তাঁদের বক্তব্য ছিল, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করে অডিওটি তৈরি করা হয়েছে।
তবে ‘দ্য ডিসেন্ট’ নামে একটি বেসরকারি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের অনুসন্ধানে অডিওটির কণ্ঠস্বর এআই দিয়ে তৈরি হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে বলে দাবি করেন রাশেদ। তাঁর মতে, এই অনুসন্ধানের মধ্য দিয়ে আমির হামজাকে ঘিরে ছড়িয়ে পড়া নারীসংক্রান্ত অডিও কথোপকথনের সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে।
বিজ্ঞাপন
এ সময় ওয়াজ মাহফিলে পবিত্র কোরআন সামনে রেখে আমির হামজার শপথ করার বিষয়টিও সমালোচনা করেন তিনি। রাশেদের অভিযোগ, নিজের ভুল স্বীকার না করে কোরআন সামনে রেখে আল্লাহর নামে শপথ করে মিথ্যাচার করেছেন আমির হামজা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামীর নেতৃত্বের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তাঁর অভিযোগ, দলের নেতারা নিজেদের ভুল স্বীকার করার পরিবর্তে সমালোচকদের মিথ্যাবাদী হিসেবে উপস্থাপনের চেষ্টা করছেন। জাতীয় নির্বাচনের আগেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে অবগত ছিলেন বলেও দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, নির্বাচনের আগে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আমির হামজাকে ডেকে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছিল। কিন্তু অভিযোগের বিষয়টি জনসমক্ষে প্রকাশ না পাওয়ায় তাঁকে নির্বাচনে মনোনয়ন দেওয়া হয়।
বিজ্ঞাপন
আমির হামজা ও গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ মোকাবিলায় জামায়াতের আমিরের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন রাশেদ। তিনি বলেন, একজন সংসদ সদস্যের বিরুদ্ধে অভিযোগ ওঠার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন এবং সংশ্লিষ্ট ব্যক্তি পদত্যাগ করেছেন। কিন্তু আমির হামজা কিংবা গাজী নজরুল ইসলামের বিষয়ে ডা. শফিকুর রহমান কোনো তদন্তের উদ্যোগ নেননি বা পদত্যাগের নির্দেশ দেননি। এভাবে অভিযুক্ত ব্যক্তিদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁর।
এ ছাড়া জামায়াত নেতা মিয়া গোলাম পরওয়ারের সঙ্গে ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার বৈঠকসংক্রান্ত অভিযোগও সত্য বলে দাবি করেন রাশেদ খাঁন। তাঁর বক্তব্য, এ বিষয়ে জামায়াতের আমিরও অবগত রয়েছেন।
ভিডিওবার্তার শেষাংশে শরিয়াহ আইন বাস্তবায়ন নিয়ে জামায়াতের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি। রাশেদ বলেন, আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা প্রতিষ্ঠিত হলে জামায়াত শরিয়াহ আইন অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না, তা জানাতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, “আমির হামজা যে পাপ করেছে, শরীয়া আইন অনুযায়ী তাকে তো পাথর মেরে মৃত্যুদণ্ড নিশ্চিত করা উচিত। সেটি কি জামায়াত করবে? তাহলে এই যে জামায়াত শরীয়া আইনের কথা বলে, সেটি তো মুনাফিকি, জনগণের সঙ্গে মিথ্যাচার।”
এসব অভিযোগ ও ঘটনাকে সামনে রেখে জামায়াতে ইসলামী বাংলাদেশের নারীদের জন্য নিরাপদ নয় বলেও মন্তব্য করেন রাশেদ খাঁন।








