Logo

স্কুলের তালা ভেঙে দুই নারীকে এনে রাতভর ‘অশ্লীল নৃত্য’, ভিডিও ভাইরাল

profile picture
জনবাণী ডেস্ক
২ নভেম্বর, ২০২৬, ১৮:৫১
স্কুলের তালা ভেঙে দুই নারীকে এনে রাতভর ‘অশ্লীল নৃত্য’, ভিডিও ভাইরাল
ছবি: সংগৃহীত

বরগুনার তালতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে প্রবেশ এবং কক্ষের তালা ভেঙে দুই নারীকে দিয়ে রাতভর নাচের আয়োজন করার অভিযোগ উঠেছে একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন কমিটির বিরুদ্ধে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় সমালোচনা ও ক্ষোভ দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (১ নভেম্বর) রাত ১০টার দিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নের চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভেতরে দুই নারীকে নাচতে দেখা যায়। তাঁদের সঙ্গে স্থানীয় কয়েকজন পুরুষকেও অংশ নিতে দেখা গেছে।

শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অসামাজিক কার্যকলাপের দৃশ্য ছড়িয়ে পড়ায় স্কুলটির পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে উপজেলার চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিকেলে খেলা শেষে স্কুলের পাশেই রাতে পিকনিকের আয়োজন করেন ফুটবল আয়োজন কমিটির সংশ্লিষ্ট ব্যক্তিরা। কিন্তু রাতের আঁধারে বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে ঢুকে একটি কক্ষের তালা ভেঙে সেখানে পাশ্ববর্তী আমতলী উপজেলা থেকে দুজন নারী ভাড়া করে এনে রাতভর অশ্লীল নৃত্য পরিবেশন করানো হয়। এতে স্থানীয়রা অংশগ্রহণ করেন।

ভিডিওতে নাচতে দেখা যাওয়া ফুটবল আয়োজন কমিটির সদস্য মোয়াজ্জেম তালুকদার (আলাল) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ফুটবল খেলা শেষে পিকনিকের আয়োজন করা হয়েছিল। রাতে বৃষ্টি নামলে আমরা স্কুলের ভেতরে যাই। সেখানে দুই-একটি নাচ হয়েছে এবং পরে আমরা চলে আসি। ভিডিওতে আমাকে দেখা গেলেও স্থানীয় লোকজন আমাকে টেনে তুলেছিল; কে বা কারা ভিডিও করেছে আমি জানি না। এছাড়া নাচতে আসা দুই নারী এই এলাকার নন, তাদের আমতলী থেকে আনা হয়েছিল।

চাউলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় কুমার ঢালি বলেন, গত শুক্রবার তারা এ অনুষ্ঠান করেছে, যা আমি পরে জানতে পেরেছি। আমাকে কোনো কিছু না জানিয়ে বিদ্যালয়ের দেয়াল টপকে ও কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করা হয়েছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

বিজ্ঞাপন

এ ব্যাপারে তালতলী উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার বলেন, বিদ্যালয়ের সীমানা টপকে ভেতরে ঢুকে কক্ষের তালা ভেঙে এ ধরনের আয়োজন করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা প্রধান শিক্ষককে তলব করেছি। ঘটনা তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভিডিওতে যে দৃশ্য দেখা গেছে, তা স্পষ্ট স্কুলের ভেতরের এবং এমন অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ অন্যায়।

তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতীশ সরকার বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। একটি সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ন্যক্কারজনক আয়োজন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD