জমি লিখে দেওয়ার কথা বলে ১৩ বছর বয়সী কিশোরীকে একাধিকবার ধর্ষণ

বরিশালের গৌরনদীতে জমি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিয়ের কথা বলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে ৫৫ বছর বয়সী প্রতিবেশী সেন্টু ভূঁইয়ার বিরুদ্ধে। এ ঘটনায় মামলা হওয়ার পর অভিযুক্তকে আটক করে মারধর করেছেন স্থানীয় লোকজন। বর্তমানে তিনি পলাতক রয়েছেন।
বিজ্ঞাপন
ঘটনাটি উপজেলার দক্ষিণ পালরদী গ্রামের। এ ঘটনায় গত ৮ নভেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। ভুক্তভোগী সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
মামলার অভিযোগ অনুযায়ী, সেন্টু ভূঁইয়া তার নিঃসন্তান প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার কথা বলে কিশোরীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে বিয়ে এবং জমি লিখে দেওয়ার আশ্বাস দিয়ে গত অক্টোবর মাসে টানা চার দিন ধরে একাধিকবার তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, গত ৩ নভেম্বর জমি লিখে দেওয়ার কথা বলে ওই কিশোরীকে বরিশাল আদালতে নিয়ে যান সেন্টু। সেখানে কোর্ট ম্যারেজের নামে বিয়ের কাগজপত্র তৈরি করা হয়। এরপর স্ত্রী হিসেবে পরিচয় দিয়ে কিশোরীর ওপর একাধিকবার শারীরিক নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে সেন্টু ভূঁইয়া দাবি করেছেন, বরিশালের একজন আইনজীবীর মাধ্যমে তারা কোর্ট ম্যারেজ করেছেন। বিষয়টি গোপন রেখে তিনি কিশোরীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন।
সেন্টুর ভাষ্য, বিয়ের বিষয়টি জানাজানি হলে ৮ নভেম্বর বিকেলে স্থানীয় লোকজন তাকে চাপ দেন। একপর্যায়ে তিনি বিয়ের কথা স্বীকার করেন। পরে সন্ধ্যায় নতুন শ্বশুরবাড়িতে গেলে স্থানীয় লোকজন তাকে আটকে মারধর করেন।
এদিকে ভুক্তভোগীর মায়ের দায়ের করা মামলার পর সোমবার সকালে কিশোরীকে চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, ভুক্তভোগীর মায়ের করা মামলার পর থেকে অভিযুক্ত সেন্টু ভূঁইয়া পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।








