আশুলিয়ায় আবারও শ্রমিক-পুলিশ সংঘর্ষ, অর্ধশতাধিক কারখানায় ছুটি

মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলে আবারও বিক্ষোভে নেমেছেন পোশাক শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা এ আন্দোলনে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শ্রমিক ও পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘাতের আশঙ্কায় শিল্পাঞ্চলের অর্ধশতাধিক পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার জামগড়া থেকে নিশ্চিন্তপুর পর্যন্ত বিভিন্ন কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে বিক্ষোভ করেন।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন আশুলিয়ার স্টারলিং স্টাইলস লিমিটেডের শ্রমিক আলমগীর হোসেন ও রাফিয়া বেগম। এ ছাড়া তিন পুলিশ সদস্যসহ আরও অন্তত ১২ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নিশ্চিন্তপুর এলাকায় নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে গিয়ে প্রধান ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পান। এ নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা বিক্ষোভ শুরু করেন।
বিজ্ঞাপন
পরিস্থিতির প্রভাবে আশপাশের হা-মীম, এনভয়, লাইন, ভার্চুয়াল, নেক্সট কালেকশন ও স্টারলিং স্টাইলসসহ বেশ কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ জানালে পুলিশ তাদের বাধা দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
একপর্যায়ে এনভয় ও স্টারলিং কারখানার সামনে শ্রমিকরা জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেডইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে গিয়েছিলেন। কিন্তু কারখানা বন্ধ থাকায় তারা প্রতিবাদ করলে পুলিশ বাধা দেয়। শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল না দিয়ে শ্রমিকদের লক্ষ্য করে টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিজ্ঞাপন
তবে পুলিশের পক্ষ থেকে রাবার বুলেট ছোড়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকরা বিক্ষোভের পাশাপাশি সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তারা এনভয় ও স্টারলিং পোশাক কারখানায় ভাঙচুরের চেষ্টা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ব্যবহার করলেও কোনো রাবার বুলেট নিক্ষেপ করেনি।
তিনি আরও জানান, শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








