হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১২৮৯

দেশে হামের সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক অবস্থায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং এ রোগের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৮৯ জনে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৮৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৪৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজনই চট্টগ্রাম বিভাগের বাসিন্দা।
বিভাগভিত্তিক হাসপাতাল ভর্তির পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৫৮১ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন, সিলেটে ১৭৫ জন, খুলনায় ১৪৫ জন, বরিশালে ১২৩ জন, ময়মনসিংহে ১০৭ জন, রাজশাহীতে ৩৭ জন এবং রংপুরে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন মোট ২ লাখ ১৫ হাজার ৫৪০ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ৬ হাজার ৭৯৯ জন।
অন্যদিকে, একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪১ হাজার ৫৫৬ জনে। এর মধ্যে পরীক্ষার মাধ্যমে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬১০ জনের শরীরে।
চলমান এই পরিস্থিতিতে প্রতিদিন নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তির সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।








