ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ১৫৯৫

দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। ফলে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৪ জনে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সাতজন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) বাসিন্দা। বাকি একজনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে।
একই সময়ে দেশের বিভিন্ন বিভাগে নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৫৯৫ জনের মধ্যে ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ১৯৬ জন, ময়মনসিংহে ৭৩ জন, চট্টগ্রামে ২০৬ জন, খুলনায় ২২০ জন, রাজশাহীতে ২২৯ জন, রংপুরে ৭১ জন, বরিশালে ২১১ জন এবং সিলেটে ২০ জন রয়েছেন।
বিজ্ঞাপন
এদিকে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ নভেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৫৩ হাজার ৭৬৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ১৩৬ জন ডেঙ্গু রোগী। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৭৪ জন।
বিজ্ঞাপন
তুলনামূলক পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মৃত্যু হয়েছিল ৪১৩ জনের। ফলে গত বছরের তুলনায় চলতি বছর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটিই বেড়েছে।








