হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২২৫

সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২২৫ শিশুর শরীরে হাম ও এ রোগের উপসর্গ শনাক্ত হয়েছে। এ নিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৮২ জনে।
বিজ্ঞাপন
রবিবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মারা যাওয়া ১ হাজার ২৮২ শিশুর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছে। বাকি ১ হাজার ১৭৭ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
বিজ্ঞাপন
প্রতিবেদনে আরও জানানো হয়, গত এক দিনে নতুন করে ১ হাজার ২২৫ শিশুর শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। তাদের মধ্যে ৮৭ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া গত ১৫ মার্চ থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ১২ হাজার ৯৭৯ রোগী ভর্তি হয়েছে। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ৪ হাজার ৪৯ জন।








