Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৬, ১৮:৫৫
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং খুলনা বিভাগের একজন রয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৫ জনে। এর মধ্যে শুধু অক্টোবর মাসেই প্রাণ হারিয়েছেন ১৭৪ জন। সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগী মারা যান।

বুলেটিনের তথ্যমতে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ১ হাজার ৫৩৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯০৬ জনে।

বিজ্ঞাপন

অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৯ হাজার ৬৭৮ জন।

বিভাগভিত্তিক ভর্তি রোগীর হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত পাওয়া গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৭২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চট্টগ্রাম বিভাগে ভর্তি হয়েছেন ২৭৫ জন।

এ ছাড়া খুলনায় ১৬১ জন, বরিশালে ১৪৩ জন, রাজশাহীতে ১০৪ জন, ময়মনসিংহে ৮৮ জন এবং রংপুর বিভাগে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে একই সময়ে সিলেট বিভাগে নতুন করে কোনো রোগী হাসপাতালে ভর্তি হওয়ার তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ও নতুন রোগী হাসপাতালে ভর্তির পরিসংখ্যান পরিস্থিতির উদ্বেগজনক চিত্র তুলে ধরছে। রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সতর্কতা বজায় রাখার গুরুত্ব আরও বেড়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD