Logo

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৭৬

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর, ২০২৬, ১৬:০০
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ১২৭৬
ছবি: সংগৃহীত

দেশে হাম ও হামের উপসর্গে শিশু মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও চার শিশু। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম এবং সন্দেহভাজন উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৬ জনে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ শিশু এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭১ শিশুর মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চার শিশুর সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও হামসংশ্লিষ্ট উপসর্গে প্রাণ হারিয়েছে মোট ১ হাজার ২৭৬ শিশু।

এদিকে নতুন করে হামের উপসর্গ শনাক্ত হওয়ার সংখ্যাও উদ্বেগজনক। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২৩৯ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭১৪।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত এক দিনে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে আরও ৭৫ শিশু। এ নিয়ে চলতি বছরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ২৯৪ জনে।

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছে মোট ২ লাখ ১০ হাজার ৯৮২ রোগী। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ২ হাজার ৩৯৪ শিশু।

ক্রমবর্ধমান সংক্রমণ ও শিশুমৃত্যুর এই পরিসংখ্যান দেশের জনস্বাস্থ্য পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD