মানিকগঞ্জে বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ, আ. লীগ-ছাত্রলীগের ১১ জন গ্রেপ্তার

মানিকগঞ্জে পার্কিং করে রাখা মিনিবাসে অগ্নিসংযোগ, বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ এবং মহাসড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য আটক ১৯ জনের মধ্যে আটজনের বিরুদ্ধে নাশকতায় সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মানিকগঞ্জ সদর থানা এলাকা থেকে রয়েছেন সাবেক ছাত্রলীগ নেতা খলিল বিশ্বাস (৩৩), ছাত্রলীগ কর্মী আজিজুল হক (২৮), জাগীর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলু (৪৫) এবং জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজিদুল ইসলাম সজল (২৪)।
সিংগাইর থানা এলাকা থেকে চান্দহর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বশির আহম্মেদ (২৯) এবং হরিরামপুর থানা এলাকা থেকে জেলা ছাত্রলীগের সহসম্পাদক শেখ রিফাতকে (২১) গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞাপন
এ ছাড়া শিবালয় থানা এলাকা থেকে আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম (৩৫) ও ধর্মবিষয়ক সম্পাদক আরশেদ আলী (৫৫), ঘিওর থানা এলাকা থেকে ঘিওর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি রেজাউল মন্ডল (৪৫) ও পয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সবজাল (৪৮) এবং দৌলতপুর থানা এলাকা থেকে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রিয়াদ হোসেনকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পুলিশের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে জেলার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পার্কিং করা বাসে আগুন এবং সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার ঘটনা ঘটে। এসব ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিভিন্ন এলাকা থেকে ১৯ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তথ্য যাচাই ও তদন্তের ভিত্তিতে ১১ জনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। বাকি আটজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না মেলায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগেও নাশকতাসংক্রান্ত অভিযোগ ও একাধিক মামলা রয়েছে। আগের মামলাগুলোতেও তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। সর্বশেষ ঘটনার পর বিস্ফোরক আইনে মামলা হয়েছে। পাশাপাশি মানিকগঞ্জ সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে আরও একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে সোমবার সন্ধ্যার পর থেকে জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বিভিন্ন রাজনৈতিক কার্যালয় ও গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি পুলিশ সুপারের বাসভবন, পাটুরিয়া ট্রাফিক পুলিশ বক্স এবং ঘিওর বাসস্ট্যান্ডের সামনেও বিস্ফোরণ ঘটানো হয়।
একই রাতে সাটুরিয়া, শিবালয় ও সিংগাইরের বিভিন্ন স্থানে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে দেওয়া হয়। এর মধ্যে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে পুলিশ বক্সের সামনে পার্কিং করে রাখা স্বাধীনতা এক্সপ্রেসের একটি মিনিবাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে বাসটি পুড়ে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম বলেন, গতকালকে যে নাশকতা ওরা করেছে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্পটে ককটেল বিস্ফোরণ করেছে, পরে রাত সাড়ে ১২টার দিকে বাসস্ট্যান্ডে মিনিবাসে অগ্নিসংযোগ করেছে। এটা তো ওদের পূর্বঘোষিত ছিল, ওরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই কিন্তু এইগুলো বলেছে।
বিজ্ঞাপন
আটক ব্যক্তিদের বিষয়ে তিনি বলেন, যাদের সংশ্লিষ্টতা পাইনি, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যাদের সংশ্লিষ্টতা পাওয়া গেছে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া বিজ্ঞপ্তিতে ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করেছিল নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগ। ওই কর্মসূচিকে কেন্দ্র করেই মানিকগঞ্জে এসব নাশকতার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।








