Logo

‘বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি গ্রহণযোগ্য নয়’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৯:১২
‘বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলা অবনতির দাবি গ্রহণযোগ্য নয়’
ছবি: সংগৃহীত

রাতের আঁধারে এক-দুটি বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণ কিংবা জনশূন্য স্থানে প্রতীকী অরাজকতা সৃষ্টির ঘটনাকে কেন্দ্র করে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, এমন দাবি করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি শতভাগ নিয়ন্ত্রণে রয়েছে। শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখা এবং বিনিয়োগের অনুকূল পরিস্থিতি নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাবে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তির কিছু দোসর দেশের ভেতরে অবস্থান করে এবং সীমান্তের ওপার থেকে ইন্ধন নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছে। তবে সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও দক্ষতার সঙ্গে তাদের অপচেষ্টা এবং নীলনকশা ব্যর্থ করে দিয়েছে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর, সাভার, আশুলিয়া, হেমায়েতপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের শিল্পাঞ্চলগুলোতে শিল্প পুলিশ, বিজিবি ও সাধারণ পুলিশ সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। বিভিন্ন ধরনের উসকানি সত্ত্বেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে, যাতে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম বাধাগ্রস্ত না হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শ্রমিক সংগঠন ও মালিকপক্ষের সঙ্গে ধারাবাহিক আলোচনার মাধ্যমে শিল্পাঞ্চলগুলোতে স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন প্রসঙ্গে সালাউদ্দিন আহমদ বলেন, একটি পত্রিকায় পরিস্থিতির অবনতির দাবি করে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা উদ্দেশ্যপ্রণোদিত। পুলিশের ওয়েবসাইটে থাকা তথ্য সঠিকভাবে বিশ্লেষণ করলে দেখা যাবে, আগের বছরের একই সময়ের তুলনায় অপরাধের হার অনেক কমেছে। কিন্তু অতীতের বছরগুলোর সঙ্গে নিরপেক্ষ ও তুলনামূলক বিশ্লেষণ না করে আংশিক তথ্য তুলে ধরে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ এলাকায় রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় ইতোমধ্যে দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলেও সংসদে জানান তিনি।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশজুড়ে ককটেল নিক্ষেপ কিংবা অরাজকতা সৃষ্টির সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। দেশের ভেতরে ও সীমান্তের ওপারে থাকা ষড়যন্ত্রকারীদের বিষয়ে সরকারের কাছে প্রয়োজনীয় তথ্যপ্রমাণ রয়েছে। উপযুক্ত সময়ে এসব তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD