Logo

‘রাত ২টায়ও কাজের খোঁজ নেন প্রধানমন্ত্রী, মন্ত্রিত্ব অনেক কঠিন’

profile picture
নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর, ২০২৬, ১৮:৫৮
‘রাত ২টায়ও কাজের খোঁজ নেন প্রধানমন্ত্রী, মন্ত্রিত্ব অনেক কঠিন’
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব পালন করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মন্ত্রীদের কাজের অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এমনকি গভীর রাতে, রাত ২টার সময়ও বিভিন্ন কাজের খোঁজখবর নেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ শীর্ষক বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অনেকে মনে করতে পারেন, মন্ত্রিত্ব অনেক আরামের। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা অনেক কঠিন। তিনি আমাদের প্রত্যেকের কাজ এত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন যে, প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে নির্দেশনা দেন। কখনো রাত ২টার সময়ও খবর আসে, অমুক কাজ হয়েছে কি না, তা খোঁজ নিতে হবে। তখন আমাদেরও খোঁজ নিতে হয়।

প্রধানমন্ত্রীর কর্মস্পৃহা তুলে ধরে জ্বালানিমন্ত্রী বলেন, আমরা এমন একজন প্রধানমন্ত্রী পেয়েছি, যিনি ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করতে চান। তিনি বিশ্বাস করেন, দক্ষ ব্যবস্থাপনা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বিশেষ করে গত ১৭ বছরের দুঃশাসন ও অর্থনৈতিক অনিয়মের পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে হলে সবাইকে তার মতো পরিশ্রম করতে হবে। সম্মিলিতভাবে কাজ করতে পারলেই একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সম্ভাবনা ও ঝুঁকি নিয়েও কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এআইয়ের নানা সুযোগ থাকলেও এর কারণে বাংলাদেশের মতো জনবহুল দেশে অনেক মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়তে পারে। তাই এ প্রযুক্তিকে উৎপাদনশীলতা বাড়ানোর কাজে ব্যবহার করতে হবে। উৎপাদিত পণ্যের মান নিয়ন্ত্রণসহ বিভিন্ন সমস্যার সমাধানেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

গবেষণা ও উন্নয়ন খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, সরকার, বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন মন্ত্রণালয়ে গবেষণার জন্য প্রয়োজনীয় বাজেট রাখা হয় না। এর ফলে প্রচলিত ধারায় উন্নয়ন কার্যক্রম চললেও নতুন উদ্ভাবন এবং দেশীয় প্রযুক্তির বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। নিজস্ব চিন্তা ও উদ্ভাবনকে কাজে লাগাতে গবেষণার পরিসর বাড়ানোর ওপর গুরুত্ব দেন তিনি।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করে জ্বালানিমন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ, কৃষি ও স্বাস্থ্য খাতে নতুন উদ্ভাবনগুলোকে বাস্তব কাজে লাগাতে হবে। সরকার সৌরবিদ্যুৎকে একটি আন্দোলন হিসেবে গ্রহণ করেছে। চলতি মাসের শেষ দিকে একটি সোলার এক্সপো আয়োজনের পরিকল্পনা রয়েছে। সেখানে নতুন প্রযুক্তি প্রদর্শনের মাধ্যমে সৌরবিদ্যুৎ ব্যবস্থার স্থায়িত্ব ও কার্যকারিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, কৃষি, স্বাস্থ্যসহ প্রতিটি খাতেই গবেষণার সুযোগ বাড়ানো জরুরি। নতুন উদ্ভাবনগুলোকে আরও উন্নত করে বাস্তবে প্রয়োগ করা গেলে দেশের মানুষ এর সুফল পাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

প্রতিযোগিতার রাজশাহী বিভাগীয় পর্বে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প প্রদর্শন করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD