বাছুর ছাড়াই দুধ দিচ্ছে বকনা গরু, ডুমুরিয়ায় চাঞ্চল্য

সাধারণত বাছুর জন্ম দেওয়ার পর গাভি দুধ উৎপাদন করে। তবে খুলনার ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামে দেখা গেছে ব্যতিক্রমী ঘটনা। সেখানে দেড় বছর বয়সী একটি বকনা গরু কোনো বাছুর ছাড়াই প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন লিটার দুধ দিচ্ছে। অস্বাভাবিক এই ঘটনা দেখতে খামারির বাড়িতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন এলাকার কৌতূহলী মানুষ।
বিজ্ঞাপন
বুধবার (১১ নভেম্বর) সকালে গোনালী গ্রামের খামারি বিএম মিজানুর বিশ্বাসের বাড়িতে সরেজমিনে গিয়ে দেখা যায়, বকনা গরুটিকে দেখতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে মানুষ এসেছেন। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য প্রতিবেদকের সামনেই গরুটির ওলান থেকে দুধ সংগ্রহ করেন মালিক। উপস্থিত ব্যক্তিরা জানান, দুধের রং ও বৈশিষ্ট্য সাধারণ গাভির দুধের মতোই।
খামারি বিএম মিজানুর বিশ্বাস পেশায় শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি কৃষিকাজ ও গবাদিপশু পালন করেন তিনি। তাঁর খামারে ছোট-বড় মিলিয়ে মোট ১০টি গরু রয়েছে। এর মধ্যে ছয়টি গরু থেকে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৩৫ লিটার দুধ উৎপাদিত হয়।
মিজানুর বিশ্বাস জানান, বকনা গরুটি তিনি পাশের একটি গ্রাম থেকে কিনেছিলেন। একাধিকবার প্রজননের চেষ্টা করা হলেও গরুটি গর্ভধারণ করেনি। পরে মোটাতাজা করার উদ্দেশ্যে খড়, কাঁচা ঘাস, ভুসি ও খৈলসহ বিভিন্ন খাবার দেওয়া হতো।
বিজ্ঞাপন
তিনি বলেন, কিছুদিন আগে তাঁর স্ত্রী হঠাৎ গরুটির ওলান থেকে দুধ ঝরতে দেখেন। পরে পরীক্ষা করে দেখা যায়, ওলানের চারটি বাটেই দুধ জমেছে। হাতে টান দিলে দুধ বেরিয়ে আসে। এমনকি দুধ সংগ্রহ না করলে আপনা-আপনিও ঝরে পড়ে।
এরপর থেকে নিয়মিত গরুটির দুধ সংগ্রহ করছেন তাঁরা। বর্তমানে প্রতিদিন প্রায় তিন থেকে সাড়ে তিন লিটার দুধ পাওয়া যাচ্ছে। পরিবারের সদস্যরাই সেই দুধ পান করছেন বলে জানান খামারি।
এ বিষয়ে ডুমুরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম বলেন, হরমোনজনিত কারণে গরুর শরীরে এ ধরনের ঘটনা ঘটতে পারে। দেশের বিভিন্ন জেলায় আগেও এমন ঘটনার নজির রয়েছে। তবে স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে এভাবে দুধ উৎপাদন হওয়ায় তা সংগ্রহ ও ব্যবহার করতে তিনি নিরুৎসাহিত করেন।
বিজ্ঞাপন
বকনা গরুর দুধ দেওয়ার এই ব্যতিক্রমী ঘটনা ঘিরে গোনালী গ্রাম ও আশপাশের এলাকায় ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। প্রতিদিনই গরুটিকে দেখতে খামারির বাড়িতে ছুটে আসছেন বিভিন্ন বয়সী মানুষ।








