জামালপুরে হারিয়ে যাচ্ছে হুক্কা, স্মৃতিতে বেঁচে গ্রামবাংলার ঐতিহ্য

একসময় গ্রামবাংলার বৈঠকখানা, সামাজিক আড্ডা কিংবা অতিথি আপ্যায়নের অন্যতম পরিচিত অনুষঙ্গ ছিল হুক্কা। কিন্তু আধুনিক জীবনযাত্রা ও সময়ের পরিবর্তনে জামালপুরে সেই প্রচলন এখন প্রায় বিলুপ্তির পথে। জেলার সাতটি উপজেলাতেই একসময়ের জনপ্রিয় এই ধূমপানের উপকরণ ক্রমেই হারিয়ে যাচ্ছে। বর্তমান প্রজন্মের অনেকের কাছে হুক্কা এখন অপরিচিত এক বস্তু।
বিজ্ঞাপন
তিন-চার দশক আগেও গ্রামের উঠতি বয়সী যুবক থেকে প্রবীণ, ধনী থেকে দরিদ্র—বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের বাড়িতে হুক্কার ব্যবহার ছিল বেশ পরিচিত। রাজা-জমিদার ও বিত্তবানদের কাছে এটি আভিজাত্য এবং ঐতিহ্যের প্রতীক হিসেবেও বিবেচিত হতো।
গ্রামের বৈঠকখানায় একসঙ্গে বসে বিভিন্ন বয়সী পুরুষদের পালাক্রমে হুক্কা টানার দৃশ্য ছিল স্বাভাবিক। বিত্তবানদের বাড়িতে দেখা যেত লম্বা নলযুক্ত স্ট্যান্ড হুক্কা। গৃহকর্তা চেয়ারে হেলান দিয়ে নলের মাধ্যমে ধোঁয়া টানতেন, আর বৈঠকখানায় উপস্থিত অন্যরা সেই দৃশ্য উপভোগ করতেন।
হুক্কায় ব্যবহারের জন্য তামাকপাতা ছোট ছোট করে কেটে তাতে চিটাগুড় মিশিয়ে বিশেষ উপাদান তৈরি করা হতো। স্থানীয়ভাবে এটি ‘তামুক’ নামে পরিচিত। পরে হুক্কার ওপরের অংশে সেই তামাক রেখে আগুন ধরানো হতো। ধোঁয়া নিচের পানির মধ্য দিয়ে বের হওয়ার সময় তৈরি হতো পরিচিত ‘কুড়ুত কুড়ুত’ শব্দ।
বিজ্ঞাপন
গ্রামবাংলার বৈঠকখানায় একসময় এই শব্দ ছিল নিত্যদিনের পরিচিত অনুষঙ্গ। গ্রাম্য সালিশ, সামাজিক অনুষ্ঠান কিংবা বিভিন্ন জমায়েতে অতিথিদের হুক্কা দিয়ে আপ্যায়নের রীতিও ছিল প্রচলিত।
প্রভাবশালী বাড়িগুলোতে লম্বা পাইপযুক্ত স্ট্যান্ড হুক্কা রাখা হতো। এসব হুক্কা ওই পরিবারের সামাজিক মর্যাদা ও প্রভাবের প্রতীক হিসেবে বিবেচিত হতো।
মাদারগঞ্জের রহমান মণ্ডল ও বকশীগঞ্জের সিরাজ সরকার জানান, সময়ের সঙ্গে হুক্কার জায়গা দখল করেছে সিগারেট ও বিড়ি। পাশাপাশি তরুণদের একটি অংশ বিভিন্ন মাদকের নেশায় জড়িয়ে পড়ছে। তাঁদের মতে, হুক্কার প্রচলন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে গ্রামীণ সামাজিক আড্ডা ও ঐতিহ্যবাহী সংস্কৃতিতেও পরিবর্তন এসেছে।
বিজ্ঞাপন
তবে জামালপুরের কিছু প্রবীণ মানুষের কাছে এখনো হুক্কা ব্যক্তিগত অভ্যাস ও স্মৃতির অংশ।
ইসলামপুর উপজেলার কাচারীপাড়া এলাকার মো. বাবু শেখ জানান, তিনি হুক্কা ছাড়া বিড়ি বা সিগারেট সেবন করেন না। তাঁর মতে, হুক্কা ব্যবহারে খরচ তুলনামূলক কম। ১৮০ টাকায় এক কেজি তামাক কিনলে তা দিয়ে প্রায় তিন মাস ব্যবহার করা যায়।
তিনি বলেন, ‘আমার গ্রামে এখন আর কেউ হুক্কা না খেলেও আমি এই হুক্কার প্রেমেই জীবন কাটিয়ে দিয়েছি। আমার বাড়িতে অনেকেই শখ করে হুক্কা টানতে আসেন। এতেই আমার প্রশান্তি।’
বিজ্ঞাপন
বেঙ্গুরা এলাকার বাউল সুমন মণ্ডল জানান, মাত্র ১০ টাকার তামাক কিনলে ১৫ থেকে ২০ দিন হুক্কা টানা যায়। তাঁর দাবি, হুক্কা টানলে কাশি হয় না।
সরিষাবাড়ীর সুলতান বলেন, ‘তিন-চার দশক আগেও আমাদের বাপ-দাদারা তিন বেলা খাবারের চেয়ে হুক্কা টানায় বেশি আগ্রহী ছিলেন। হুক্কা ছাড়া তাঁদের দৈনন্দিন জীবন কল্পনাই করা যেত না। ঘরে চাল-ডাল না থাকলেও হুক্কার তামাকের অভাব হতো না।’
জামালপুর সদর এলাকার জোবাইল সরকার জানান, ঠান্ডার সময় শরীর গরম রাখতে তিনি হুক্কা টানেন। পাশাপাশি পূর্বপুরুষদের ঐতিহ্য ধরে রাখতেও মাঝে মাঝে এটি ব্যবহার করেন।
বিজ্ঞাপন
হুক্কার প্রচলন কমে গেলেও এর স্বাস্থ্যঝুঁকি কম নয়। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে ধূমপানের কোনো মাধ্যমই নিরাপদ নয়। হুক্কার ধোঁয়ায়ও ক্ষতিকর উপাদান রয়েছে, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই হুক্কাকে গ্রামবাংলার ঐতিহ্য ও অতীত সংস্কৃতির অংশ হিসেবে দেখা গেলেও এর ব্যবহারকে স্বাস্থ্যসম্মত বলার সুযোগ নেই।
সময়ের পরিবর্তনে জামালপুরে হুক্কা এখন অতীত জীবনের স্মৃতি ও ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে। একসময় গ্রামের বৈঠকখানার অবিচ্ছেদ্য অংশ ছিল যে উপকরণ, তা আজ নতুন প্রজন্মের কাছে প্রায় বিস্মৃত। প্রবীণদের স্মৃতিতে টিকে থাকা এই ঐতিহ্য ভবিষ্যতে হয়তো ইতিহাসের পাতায় ঠাঁই নেবে।








